ক্ষেতলালে ১৯টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
দীর্ঘদিন সংস্কার না করায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ বিদ্যালয়ের ভবনের দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫টি ও বেসরকারি রেজিস্টার্ড ১৫টি বিদ্যালয়ের মধ্যে চারটির ভবন ঝুঁকিপূর্ণ। সম্প্রতি উপজেলা প্রকৌশলী পরীক্ষা-নিরীক্ষা করে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তালিকা তৈরি করেছেন। এ তালিকায় পাঠানপাড়া, কৃষ্ণনগর, রোয়াইর, গণমঙ্গল, তালশন, ইকগাড়া, মহব্বতপুর, জিয়াপুর, সমন্তার, আইমাপুর, হাটশহর, গোলাহার, মাটিহাস, আলমপুর ও বানিয়াচাপর সরকারি এবং উত্তর হাটশহর, পশ্চিম দুর্গাপুর, দৌলতপুর ও হোপপীর হাট বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে।উপজেলা প্রকৌশলী ৭ মে বিদ্যালয়গুলোর তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন। বিদ্যালয়ের ভবনগুলো ২০ থেকে ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর এগুলোতে শুধু চুনকাম করা হয়েছে, বড় ধরনের কোনো সংস্কারকাজ হয়নি।১৫ মে সরেজমিনে দেখা গেছে, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পাঁচটি কক্ষের দেয়ালে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিটি কক্ষ ব্যবহারের অনুপযোগী। উপজেলা শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন জানান, যেসব বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, সেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিকল্প ব্যবস্থা করে পাঠদান কার্যক্রম চালাতে বলা হয়েছে। শিগগির প্রতিটি বিদ্যালয় ভবনে সংস্কার কাজ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, উপজেলা প্রকৌশলী তাঁদের কাছে প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পাঠিয়েছেন। ওই তালিকা তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।