ক্ষেতলালে ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২টিতেই শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮২টিতেই শহীদ মিনার নেই। এ কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন করতে পারবে না।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শুধু মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শহীদ মিনার আছে। ১৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের এবং ১৭টি মাদ্রাসার মধ্যে একটিতেও শহীদ মিনার নেই। চারটি কলেজের মধ্যে শুধু এস এ ডিগ্রি কলেজে একটি শহীদ মিনার আছে।জানা গেছে, গত বছর কৃষ্ণনগর উচ্চবিদ্যালয়ে বাঁশ ও মাটি দিয়ে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, গত বছরের মতো এবারও একইভাবে শহীদ মিনার নির্মাণ করা হবে।বানাইচ মোমিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান প্রামানিক জানান, তাঁর প্রতিষ্ঠানে শহীদ মিনার ছিল, কিন্তু নতুন একাডেমিক ভবন নির্মাণের সময় তা ভাঙতে হয়েছে। শিগগিরই শহীদ মিনার নির্মাণ করা হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিত। কারণ, কোমলমতি শিক্ষার্থীরা শহীদ মিনার দেখে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবে। কিন্তু বাজেট না থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোকে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর ইসলাম জানান, মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা দিবসটি যথাযথভাবে পালন করতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে বরাদ্দ থাকা উচিত।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন বলেন, ‘ভাষা আন্দোলনের পর ৬০ বছর পার হলেও অনেকেই এর সঠিক ইতিহাস জানে না। মাতৃভাষার সঠিক ইতিহাস জানতে ও ভাষাসৈনিকদের শ্রদ্ধা জানাতে তিনি সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান। ক্ষেতলাল পৌরসভার মেয়র আবদুল মান্নান মোল্লা বলেন, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌরসভার পক্ষ থেকে শহীদ নির্মাণ করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার দাবি করেন, পরিষদে ফান্ড থাকলে অবশ্যই পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার করার উদ্যোগ নিতাম।’