
বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র, বিমান ও সাবমেরিন বিধ্বংসী গোলার পরীক্ষা চালিয়েছে নৌবাহিনী। গতকাল সোমবার নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার (সমুদ্র ঘূর্ণি) শেষ দিনে গোলা নিক্ষেপের পাশাপাশি নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’ থেকে ‘সমুদ্র ঘূর্ণি’ মহড়া প্রত্যক্ষ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহড়া শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরে নৌবাহিনীর বড় ধরনের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। ১৫ দিনব্যাপী এই মহড়ার মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা আরও অভিজ্ঞতা অর্জন করেছে।
নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব সাংবাদিকদের বলেন, নৌবাহিনীকে শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে আগামী বছরে নৌবহরে দুটি সাবমেরিন যুক্ত হচ্ছে। ডিসেম্বরের শেষে চীন থেকে অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ ‘করভেট’ নৌবাহিনীতে যুক্ত হবে। আরও দুটি যুদ্ধজাহাজ নির্মাণে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। ভবিষ্যতে করভেট ও ফ্রিগেট দেশেই তৈরি হবে।
নৌবাহিনী জানায়, তিন ধাপে অনুষ্ঠিত এ মহড়ার মূল প্রতিপাদ্য ছিল দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথে চোরাচালান ও জলদস্যুতা দমন এবং উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি। মহড়ায় কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।