বঙ্গোপসাগরে আধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নেভাল জেটি থেকে ৬৫ কিলোমিটার দূরে এই উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়।‘এক্সারসাইজ সি থান্ডার’ শীর্ষক মহড়ায় প্রথমবারের মতো ‘সি-৭০৪’ নামের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধু থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ছাড়া ‘শোল্ডার লঞ্চড’ নামে একটি বিমানবিধ্বংসী গোলা, ‘আরডিসি’ নামে তিনটি সাবমেরিন বিধ্বংসী গোলা নিক্ষেপ করা হয় এই মহড়ায়। গতকাল দুপুরে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপের সরেজমিন চিত্র প্রত্যক্ষ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নৌবাহিনী সূত্রে জানা গেছে, ২২ দিনব্যাপী এই মহড়ায় ৩২টি জাহাজ অংশ নেয়। ১৭টি নৌ-সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। মহড়ায় নৌবাহিনীর অধিকাংশ জাহাজ, নৌবাহিনীতে সদ্য যুক্ত হওয়া হেলিকপ্টার, বিমানবাহিনীর জঙ্গি বিমান ও সেনাবাহিনীর কয়েকটি ইউনিট এতে অংশ নেয়। চার ধাপে অনুষ্ঠিত মহড়ার মূল প্রতিপাদ্য ছিল দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্রসম্পদের হেফাজত, সমুদ্রপথে চোরাচালান ও জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি।মহড়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চীন, ভারত, মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর বন্দরের সঙ্গে সংযোগ বাড়ার কারণে এ অঞ্চলের জলসীমার গুরুত্ব বাড়ছে। ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক কলাকৌশল, যন্ত্র এবং জাহাজ দিয়ে নৌবাহিনীর উত্তরোত্তর উন্নতি করতে হবে। নৌবাহিনীর প্রধান এয়ার ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার এবং নৌবাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে।