ক্ষোভ হতাশা অসন্তোষ

দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ড হ্রাস করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দল, জোট ও সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ১৪-দলীয় জোট ছাড়া বাকি সংগঠনগুলো রায় নিয়ে ক্ষোভ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে।
১৪ দল ‘শ্রদ্ধাশীল’
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গতকাল বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল আশা করেছিল, চিহ্নিত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় বহাল থাকবে। কিন্তু বিচার বিভাগ স্বাধীন। সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁরা যে রায় দিয়েছেন, এর প্রতি আমাদের শ্রদ্ধা আছে।’
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের জনশ্রুতি আছে, এ বিষয়ে ১৪ দল কী মনে করে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আঁতাতের প্রশ্নই আসে না। যাঁরা এ কথা বলেন, তাঁরা জ্ঞানপাপী। না বুঝেই কথা বলেন।
বিএনপির মন্তব্য নেই
বরাবরের মতো এবারও মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় নিয়ে চুপ থাকছে বিএনপি। গতকাল দলটির কোনো নেতা প্রতিক্রিয়া জানাতে চাননি। দলটির স্থায়ী কমিটির চারজন সদস্য, বিএনপির চেয়ারপারসনের দুজন উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির এক নেতার কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তাঁরা প্রথম আলোকে বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের রায় নিয়ে বিএনপি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর ব্যাপারে আগেই সিদ্ধান্ত ছিল। তাই এ নিয়ে তাঁরা কোনো কথা বলতে চান না।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করা সাজে না।
অসন্তুষ্ট সেক্টর কমান্ডারস ফোরাম
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১-এর ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীবের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়নি। স্বাধীনতাকামী আপামর মানুষ এ ধরনের যুদ্ধাপরাধীর জন্য চূড়ান্ত দণ্ড আশা করেছিল। তারা এ রায় সন্তুষ্টচিত্তে গ্রহণ করবে না।
‘সংক্ষুব্ধ’ সম্মিলিত সাংস্কৃতিক জোট
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও সম্পাদক হাসান আরিফ এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘আজ আমরা সংক্ষুব্ধ ও অপমানিত বোধ করছি। ৩০ লাখ শহীদের রক্তস্নাত মাটিতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। কোনো শহীদ পরিবারের সদস্যের দিকে চোখ তুলে তাকাতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের এই গ্লানিময় জীবন এ দেশে আমাদের কাম্য ছিল না।’
সংশয় দূর হবে: ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, ‘সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের ঢিলেমি আচরণ, বিচার সম্পর্কে জনমনে সংশয় এবং এই বিচার সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন ভাবনার অবসান হবে।’ তাঁরা বলেন, সাঈদীকে আমৃত্যু শাস্তির রায়ে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
ক্ষুব্ধ সিপিবি-বাসদ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এক যৌথ বিবৃতিতে সাঈদীর দণ্ডাদেশ কমানোতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
দল দুটি মনে করে, ট্রাইব্যুনালের দেওয়া সাঈদীর মৃত্যুদণ্ড কার্যকর দেখতে দেশবাসী অপেক্ষায় ছিল। রায় কার্যকর করতে বিলম্ব হওয়ায় মানুষের মনে নানা সন্দেহ দানা বেঁধে উঠছিল। এ রায়ে দেশবাসীর সেই সন্দেহ আরও ঘনীভূত হয়ে উঠেছে।
হতাশ ছাত্রলীগ
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ডের’ রায়ে হতাশা প্রকাশ করেছে। গতকাল আপিল বিভাগের রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, বাংলার ছাত্রসমাজ এ রায় প্রত্যাখ্যান করেছে। সাঈদীর ফাঁসির রায় না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথে লড়াই চালিয়ে যাবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘এ রায়ে আমাদের মনোবল ভেঙে গেছে। আমরা এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
আঁতাতের রায়: বাম মোর্চা
গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা এক যুক্ত বিবৃতিতে সাঈদীর দণ্ড হ্রাস করাকে ‘সরকার ও জামায়াতের আঁতাতের রায়’ বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাঈদীর বিচারের রায় গণতান্ত্রিক বাম মোর্চা মেনে নেয়নি। ক্ষমতাসীন মহাজোট সরকার ও জামায়াতে ইসলামীর আঁতাতের এই রায়কে জনগণও প্রত্যাখ্যান করেছে।
আরও সংগঠনের ক্ষোভ
আপিল বিভাগের রায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড রদ করায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সম্মিলিত সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, বাংলাদেশ যুব মৈত্রী, বিপ্লবী ছাত্র সংহতি, ছাত্র ঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠন।