ক্ষোভ নিয়ে আশ্রয়কেন্দ্র ছাড়ছে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী পুনর্বাসন ছাড়াই আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ পেয়ে ক্ষুব্ধ রাঙামাটির পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত লোকজন। গত দুই দিনে রাঙামাটি শহরের ছয়টি আশ্রয়কেন্দ্র থেকে ৯০টি পরিবারের তিন শতাধিক মানুষ নিজেদের বিধ্বস্ত ভিটায় ফিরে গেছে। অনেকে ক্ষতিপূরণের টাকা ও ত্রাণ সহায়তা নেননি। স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়েও তা রক্ষা না করায় ক্ষুব্ধ লোকজন গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

প্রশাসন সূত্র জানায়, গত দুই দিনে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্র থেকে ৪১টি পরিবার, স্টেডিয়াম আশ্রয়কেন্দ্র থেকে ২৬টি পরিবার, জিমনেশিয়াম আশ্রয়কেন্দ্র থেকে আটটি পরিবার ও রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে ১৫টি পরিবার নিজেদের বাড়িঘরে ফিরে গেছে।

গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসের পর রাঙামাটির ১৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল ৩ হাজার ৪৯০ জন। এরপর গত তিন মাসে অধিকাংশ ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে যায়। সর্বশেষ শহরের ছয়টি আশ্রয়কেন্দ্রে ৩০১টি পরিবারের ৭৮৩ জন ছিল। গত মঙ্গলবার এসব পরিবারকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। পাশাপাশি আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়া পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেওয়ারও ঘোষণা দেন তিনি। সহায়তা হিসেবে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৬ হাজার টাকা, দুই বান্ডিল টিন ও ৩০ কেজি করে চাল এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই সব আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। ত্রাণ সহায়তা নিয়ে এই সময়ের মধ্যেই আশ্রয়কেন্দ্র ছাড়তে হবে পরিবারগুলোকে।

প্রশাসনের এমন সিদ্ধান্তে স্থায়ী পুনর্বাসনের অপেক্ষায় থাকা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষুব্ধ করেছে। গতকাল দুপুর একটায় রাঙামাটি জেলা প্রশাসক ফটকের সামনে ভেদভেদীর নতুনপাড়া এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেন ক্ষুব্ধ লোকজন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভেদভেদী নতুনপাড়া, রূপনগর, কিনামনিঘোনা, শিমুলতলীসহ বেশ কিছু এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন অংশ নেন।

মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্রের আশ্রয় নেওয়া মো. ইব্রাহীম ও আবদুর রহমান এসেছিলেন মানববন্ধনে অংশ নিতে। শহরের ভেদভেদীর লোকনাথ মন্দির এলাকায় তাঁদের বাড়ি ছিল। প্রথম আলোকে তাঁরা বলেন, কোথাও যাওয়ার জায়গা নেই। জেলা প্রশাসন ১ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দিচ্ছে। সে জন্য সরকারি সহায়তা না নিয়ে চলে যাচ্ছেন। জেলা প্রশাসন এত দিন পুনর্বাসনসহ নানা সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে এলেও শেষ পর্যন্ত খালি হাতে আশ্রয়কেন্দ্র ছাড়তে বাধ্য করেছে।

 এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকে জেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ উঠেছে। পাহাড়ধসের ঘটনায় প্রশাসনের
সর্বশেষ তালিকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৮০২টি। তবে অনেকে অভিযোগ করেছেন, তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ ছাত্রাবাসে আশ্রয় নেওয়া পারভিন আক্তার প্রথম আলোকে বলেন, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কোনো সহায়তা পাননি। গত দুই দিন ধরে জেলা প্রশাসনের কাছে সহায়তার জন্য ঘুরছেন।

 রাঙামাটি মেডিকেল ছাত্রাবাস ও স্টেডিয়াম আশ্রয়কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. আল আমিন প্রথম আলোকে বলেন, এ দুটি আশ্রয়কেন্দ্র থেকে গত দুই দিনে ৬৭টি পরিবার চলে গেছে। এখন দুই আশ্রয়কেন্দ্রে ৮৪টি পরিবার রয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু শাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, যাঁদের কোথাও যাওয়ার সুযোগ নেই, তাঁদের বিষয়টি দেখবে প্রশাসন।