ক্ষোভ-বিক্ষোভে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আওয়ামী লীগের নতুন কমিটির বিরুদ্ধে বিক্ষোভে সাধারণ কর্মী-সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নগর কমিটির নতুন সভাপতি বদরউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় গতকাল শনিবার প্রথম একটি যৌথ বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান।কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, পাল্টা কমিটি গঠনসহ বিভিন্ন তৎপরতাকে ‘দলে ঘাপটি মেরে থাকা বর্ণচোরা’ এবং ‘জামায়াত-বিএনপির সঙ্গে সুসম্পর্ক রক্ষাকারীদের উসকানি’ বলে অভিহিত করেন। দলের নামে এ তৎপরতায় সাধারণ কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে সিলেটে নতুন নেতৃত্বের জন্য দলীয় সভানেত্রী, সাধারণ সম্পাদকসহ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।নতুন কমিটি কেন্দ্র থেকে অনুমোদনের পর সিলেটে কয়েক দিন ধরে বিভিন্ন নেতার নামে অশালীন তৎপরতার নিন্দা জানিয়ে আসাদউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ রকম পক্ষে-বিপক্ষে কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া থাকবেই। তবে এসব বিষয়কে দলীয় শৃঙ্খলার মধ্যে আনতে আমরা অচিরেই সবাইকে নিয়ে বসব। এরপর আশা রাখি, নেতৃত্ব নিয়ে কোনো ক্ষোভ আর থাকবে না।’