ক্ষোভে-অপমানে আগুনে পুড়ে মরছে মেয়েটি
রাজশাহীর পবা উপজেলায় গতকাল শুক্রবার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। তাঁর বাঁচার সম্ভাবনা খুবই কম বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, সাবেক স্বামী সাহিদ আলী (২৫) তাঁকে ধর্ষণ করেছেন। পরে সাহিদের মা ও বোন উল্টো তাঁকে মারধর করেন। এতে দুঃখ ও অপমানে আত্মহত্যা করতে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার চরখিদিরপুর গ্রামের সাহিদ আলীর সঙ্গে প্রায় তিন বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে সাহিদের পরিবারের লোকজন তাঁকে নির্যাতন করত। পরে গ্রাম্য সালিসের সিদ্ধান্তে তাঁদের তালাক হয়।সূত্র জানায়, ওই তরুণী পরে ঢাকায় তাঁর বোনের কাছে চলে যান। এর মধ্যে সাহিদ তাঁর কাছে অনবরত ফোন করে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেন এবং বাড়িতে আসার অনুরোধ করতেন। সাহিদ তাঁকে আবার বিয়ে করারও প্রস্তাব দেন। একপর্যায়ে মেয়েটি গ্রামের বাড়িতে ফেরেন। ওই তরুণীর বোন জানান, বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁর বোন ঘরের বাইরে যান। রাত তিনটার দিকে হইচই শুনে তিনি ঘুম থেকে জেগে জানতে পারেন, সাহিদ তাঁর বোনকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে তাঁদের বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন। এ নিয়ে রাতেই স্থানীয় লোকজন সালিস ডাকেন। সালিসে উপস্থিত হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, তিনি সেখানে যাওয়ার পর মেয়েটিকে আর কেউ মারধর করেনি। সালিস শুরু হওয়ার একপর্যায়ে সাহিদ পালিয়ে যান। তখন বাধ্য হয়ে তাঁরা মেয়েটিকে ভোরের দিকে বাড়িতে পাঠিয়ে দেন। গতকাল সকালে আবারও তাঁদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু মেয়েটি বাড়ি ফিরেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন।গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আগুনে ওই তরুণীর মুখ, চোখ ও জিহ্বা পর্যন্ত পুড়ে বীভৎস হয়ে গেছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোপেন আচার্য প্রথম আলোকে বলেন, মেয়েটির শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। সাধারণত ৫০ ভাগ পুড়ে গেলেই কোনো রোগীকে বাঁচানো যায় না। এই রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম।