ক্ষোভে খেতের কপি বিলিয়ে দিলেন তিনি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের চাষি মাহফুজুল ইসলাম গতকাল শনিবার সকালে মহাস্থান সবজিবাজারে এক ভ্যান ফুলকপি নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করার পর প্রতিটি ফুলকপির দর ওঠে এক টাকা। এতে তাঁর খেত থেকে কপি তোলার মজুরি ও বাজারে নিয়ে যাওয়ার পরিবহন খরচই ওঠেনি। উল্টো বাড়ি এসে ভ্যানচালককে ১০০ টাকা দিতে হয়েছে।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজুল ইসলাম। একদণ্ড সময় নষ্ট না করে নিজ গ্রামসহ পাশের তিন গ্রামে গিয়ে তিনি তাঁর নিজের খেতের কপি যার যত খুশি ইচ্ছেমতো তুলে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। এ জন্য কাউকে কোনো টাকাপয়সা দিতে হবে না বলেও জানান তিনি।
টানা অবরোধের পাশাপাশি আজ রোববার বগুড়ায় হরতাল কর্মসূচির কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মাহফুজুল ইসলাম বলেন, ‘হামাকেরে বাঁচার কতা কেউ ভাবে না। হামরা মরলে কার কী। আজনীতিবিদেরা নিজেকেরোক লিয়া বেস্ত থাকে। নিজেকেরে স্বার্থে দল করে। মানুষ না খ্যায়ে যে মরিচ্চে, সেদিকে কারও নজর নাই। হামার এই সবজি বেচেই সংসার চলে। একুন হামি খামু কী?’
উপজেলার শব্দলদীঘি মহল্লার জোব্বার আলী অবরোধের কারণে কপি বিক্রি করতে না পেরে তিনিও গতকাল খেত থেকে যার যত ইচ্ছে বিনা পয়সায় কপি তুলে নিয়ে যেতে গ্রামবাসীকে বলেছেন। একই মহল্লার চাষি আবদুল জলিলও কপি খেত থেকে এভাবে কপি তুলে নিয়ে যাওয়ার ঘোষণা দেন। মহল্লার রাহেলা বিবি বলেন, ‘কপি লুট দেওয়ার কথা শুনা দুই ডালি কপি খ্যাততহিনী তুল্যা লিয়া আসিছি গরুক খিলানোর জন্যি।’
এলাকার সাত-আটজন চাষি ও সবজি ব্যবসায়ী বলেন, রাজনৈতিক অস্থিরতায় দিশেহারা হয়ে পড়েছেন মানুষ। সব ধরনের ব্যবসায় নেমেছে ধস। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ও কাঁচামাল ব্যবসায়ীরা। আশঙ্কাজনকভাবে কমে গেছে শাকসবজির দাম। পরিস্থিতি এতটাই খারাপ যে কম দামেও কৃষক তার উৎপাদিত সবজি বিক্রি করতে পারছে না। বিশেষ করে কপি চাষিরা যারপরনাই বিপাকে পড়েছেন। লাভ তো দূরের কথা, খেত থেকে কপি তুলে বাজারে নিয়ে আসার আগ্রহ পর্যন্ত তাঁরা হারিয়ে ফেলেছেন। তাঁদের হাড়ভাঙা খাটুনির ফসল এখন বিক্রি হচ্ছে বলতে গেলে পানির চেয়েও কম দরে—প্রতি মণ ২০ থেকে ৩০ টাকা। ফলে ২০ মণ কপি বিক্রি করেও তাঁরা এক কেজি খাসির মাংস কিনে ঘরে ফিরতে পারছেন না। এ উপজেলায় এখন এক কেজি খাসির মাংসের দাম কমপক্ষে ৪৫০ টাকা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, এবার কপির ফলন ভালো হয়েছে। আর কপির বিক্রির এই ভরা মৌসুমে অবরোধের কারণে ফুলকপি চাষিরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।