ক্ষোভে-দুঃখে তরুণীর আত্মহত্যার চেষ্টা
কয়েক দিন আগে বাড়িতে ঢুকে এক বখাটে এক তরুণীর (২০) শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় বখাটের পরিবারের পক্ষ থেকে বিচারের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু বিচারের বদলে বখাটের পরিবার তাঁর নামে অপপ্রচার চালাতে থাকে। এতে ক্ষোভ ও দুঃখে তিনি বুধবার আত্মহত্যার চেষ্টা চালান। মারা না গেলেও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা এখন সংকটাপন্ন।এই তরুণীর বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামে। গত বুধবার রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি যৌন হয়রানির অভিযোগে ওই তরুণীর মা পাঁচজনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ ফেব্রুয়ারি ওই তরুণীর মা ঢাকায় বড় ছেলের বাড়ীতে যান। এ দিন রাতে মেয়েটি ঘরে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী দেওয়ান মুন্নাফ ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির হানির চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে মুন্নাফকে আটক করেন। পরে মুন্নাফের বাবা দেওয়ান আাাবদুর রউফ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাঁর ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান।পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাসেল আহম্মেদ বলেন, মেয়েটি গলায় ফাঁস নেওয়ায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মন্নাফ ও তাঁর বাবাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে পলাতক থাকায় মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।