ক্ষোভে ফুঁসলেও মুখ খুলছে না কেউ

বরিশালের আগৈলঝাড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসছেন। কিন্তু কেউই মুখ খুলছেন না। গতকাল রোববারের নির্বাচনে সকাল আটটা থেকেই ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখলের মাধ্যমে দলের সমর্থিত প্রার্থী বিজয়ী হলেও উল্লাসের ছিটেফোঁটা নেই নেতা-কর্মীদের মধ্যে। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, এ ক্ষোভ সামাল দিতে না পারলে ভবিষ্যতে ভোটের রাজনীতিতে বড় মূল্য দিতে হতে পারে দলটিকে।
নির্বাচনে ভোটের শুরু থেকেই ভোট জালিয়াতি, কেন্দ্র দখল নিয়ে সমালোচনা করেছেন তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী। তবে এক অজানা কারণে তাঁরা মুখ খুলতে নারাজ। তাঁদের অনেকেই বলেছেন, অন্যান্য এলাকায় দখলের যেসব অভিযোগ উঠেছে সেগুলোতে বিএনপি বা অন্য দলের বিপক্ষে ভোট জালিয়াতি করা হয়েছে। কিন্তু আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ভোট জালিয়াতি করেছে নিজেদেরই বিরুদ্ধে। নিজ দলের কর্মী সমর্থকদের ভোটই দখল করেছে দলটি।
এখানে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে ছিলেন দলটির উপজেলা সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রি। আর দলের সমর্থন পেয়েছিলেন মর্তুজা আহমেদ খান। দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মর্তুজার বিজয়ের বিষয়ে সংশয়ে ছিলেন দলের বেশির ভাগ নেতা-কর্মী। এর পেছনের কারণ এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের ভোট। এখানকার ৯৮ হাজার ভোটারের মধ্যে ৫৪ হাজারেরও বেশি ভোট হিন্দু সম্প্রদায়ের। যতীন্দ্রনাথ মিস্ত্রি এ সম্প্রদায়ের একজন জনপ্রিয় প্রতিনিধি হওয়ায় তাঁর বিজয়ের সম্ভাবনা বেশি ছিল বলে জানান এলাকার সাধারণ মানুষ।
অন্যদিকে এখানকার বিএনপি-সমর্থিত প্রার্থীর অবস্থান ছিল মোটামুটি। প্রতিদ্বন্দ্বিতার বিচারে তেমন উল্লেখযোগ্য অবস্থানে ছিলেন না তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নীলকান্ত ব্যাপারী বলেন, ‘যতীন্দ্রনাথ মিস্ত্রি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। তৃণমূলের মতামত না নিয়েই মর্তুজা সাহেবকে সমর্থন দিয়েছে দল। আমরা চেয়েছি যতীন বাবুকে নিয়ে তৃণমূলের মতামত তুলে ধরতে। কিন্তু পারলাম কই? ’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আওয়ামী লীগ নেতা বলেন, ‘দলে মর্তুজা সাহেবের কোনো অবদান নেই। হঠাত্ করেই গতবার দলের সমর্থন পেয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। পুরোটা সময়ই এলাকায় না থেকে ঢাকায় থেকেছেন। কিন্তু ত্যাগী নেতাদের না দিয়ে তাঁকেই সমর্থন দেয় দল।’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোকে বলেন, নির্বাচনের দিন মাঠে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কতটা সক্রিয় ছিল তা সবাই দেখেছে। গৌরনদী ও বাবুগঞ্জ থেকে অনেক নেতা-কর্মীকে নিয়ে আসা হয়েছে কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি তদারক করতে।
ভোটের দিন মোটরসাইকেলে চড়ে আগৈলঝাড়ার সড়কগুলো দাপিয়ে বেড়াতে দেখা গেছে এসব তরুণদের। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন গৌরনদী ও বাবুগঞ্জের রাজনীতির পরিচিত মুখগুলো। প্রশাসন নীরব থেকে সহযোগিতা করার কারণেই তারা ভোটকেন্দ্রগুলোতে নির্বিঘ্নে নিজের কাজ করতে পেরেছেন।
স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, আগৈলঝাড়ার নেতা-কর্মীদের সমর্থন নেই জেনেই মর্তুজা আহমেদ খান বাইরের নেতা-কর্মীদের কাজে লাগিয়েছেন।
প্রশাসনকে ব্যবহার করে সকাল আটটা থেকে নির্বাচনে ব্যাপক জালিয়াতি এবং তিন ঘণ্টার মধ্যেই ভোট গ্রহণ শেষ করার কারণে এসব তৃণমূল নেতা-কর্মী বেশ বিরক্ত। তাঁরা মনে করেন, এর মাধ্যমে দলের শুভানুধ্যায়ী, সাধারণ সমর্থক ও কর্মীরা হতাশ হয়েছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আওয়ামী লীগের প্রতি একধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করেন তাঁরা। এ আস্থাহীনতা কাটাতে না পারলে ভবিষ্যতে এ এলাকায় আওয়ামী লীগকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এ বিষয়টি মানতে নারাজ। তিনি বলেন, আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল। এখানে নানা মত-পথ থাকবেই। দলের প্রয়োজনে সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করবে বলে মনে করেন তিনি।