ক্ষোভের আগুনে পুড়ছে শত বিঘা জমির ফসল
সেচের অভাবে চলনবিলের নাটোরের গুরুদাসপুর অংশে রোপণ করা শত বিঘা জমিতে বোরো ধান ও ভুট্টাগাছ শুকিয়ে মরে যাচ্ছে। গত এক মাস ধরে এ অবস্থা চলছে। এসব জমির মালিকেরা একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে তাঁদের জমিতে সেচ দেওয়া বন্ধ রেখেছে। গ্রামবাসী তাঁদের শাস্তির দাবিতে এসব কাজ করছে। শুধু হত্যার ঘটনায় জড়িতদেরই নয়, তাঁদের স্বজনদের জমিতে গ্রামবাসী সেচ দিতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুদাসপুর উপজেলার বিলসা গ্রামে গত ৩ ফেব্রুয়ারি শাহ আলম ভক্তি নামে এক ব্যক্তি খুন হন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি ধানখেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাড়াশ থানায় সাতজনকে আসামি করে মামলা করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ক্ষুব্ধ হয়ে বিলসা গ্রামের মুর্শিদের নেতৃত্বে গ্রামবাসী হত্যাকাণ্ডে জড়িত ও তাঁদের স্বজনদের জমিতে সেচ দেওয়া বন্ধ রেখেছে।জমির মালিকেরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সেচ কমিটি, কৃষি কর্মকর্তা ও পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। বিলসা গ্রামের কৃষক মোবারক হোসেন অভিযোগ করেন, তিনি ২৫ বিঘা জমিতে বোরো ধান ও ১৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। শুরু থেকেই পরিচর্যা করায় ভুট্টা ও বোরো ধান ভালোই হয়েছে। কিন্তু হত্যা মামলার কয়েকজন আসামি তাঁর আত্মীয় হওয়ায় ওই গ্রামের কিছু লোক তাঁকে তাঁর জমিতে সেচ দিতে দিচ্ছে না। এ কারণে তাঁর জমির ফসল শুকিয়ে মরে যাচ্ছে। গ্রামবাসীর বাধার কারণে হত্যা মামলার নয়জন আসামি শহিদুল, দেলোয়ার, নজরুল ইসলাম, রশিদ ভক্তি, আসলাম প্রাং, আসাদ ভক্তি, দশরত আলী, জাহাঙ্গীর ও রফিকুল ইসলামের ৬০ বিঘা জমির বোরো ধানখেতেও সেচ দেওয়া যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সেচ কমিটির সভাপতি মোহাম্মদ আলী জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানো হয় ওই গ্রামে। কিন্তু গ্রামবাসীর তোপের মুখে তারা সমাধান না করেই ফিরে আসতে বাধ্য হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শত বিঘা নয়, ৫০ বিঘা জমিতে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। গ্রামবাসীর অসহযোগিতার কারণে তাঁরা উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। সেচ কাজে বাধা দেওয়ার ঘটনার নেতৃত্বে থাকা মুর্শেদ জানান, শাহ আলমের খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত খুনি ও তাঁদের স্বজনদের জমিতে সেচ দিতে দেওয়া হবে না। আসামিরা আদালতে আত্মসমর্পণ বা স্বেচ্ছায় থানায় এসে ধরা দিলে তাঁদের জমিতে সেচ দিতে দেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন জানান, এলাকায় না থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।