কড়কড়ে নোটের সন্ধানে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে নতুন কড়কড়ে নোটের সন্ধানে ছুটছে মানুষ। রোজার ঈদে মানুষের যেমন নতুন পোশাক-আশাক চাই, তেমনি চাই নতুন টাকার নোট। ঈদের আর বেশি বাকি নেই। তাই মানুষ কেনাকাটার সঙ্গে সঙ্গে নতুন টাকা সংগ্রহের চেষ্টাও অব্যাহত রেখেছে। ঈদের দিন ছোটরা বড়দের সালাম করার রেওয়াজ। ঈদের নামাজে যাওয়ার আগে অথবা নামাজ পড়ে এসে বয়সে যারা ছোট, তারা মুরব্বিদের সালাম করে। সালামের পর বকশিশ হিসেবে যে যার সাধ্যমতো কিছু নগদ টাকা সালামকারীর হাতে দেন। আর এ টাকাটা যদি কড়কড়ে নতুন নোট হয়, তা হলে যিনি টাকাটা দেন তিনি যেমন আনন্দ পান, তেমনি যে নেয় তার আনন্দ আরও বেশি হয়। শফিকুল ইসলাম নামে একজন শিক্ষক উপজেলার একটি ব্যাংকে গিয়ে কিছু নতুন নোট সংগ্রহের চেষ্টা করছিলেন। আলাপকালে তিনি বলেন, ‘নতুন টাকার নোট না হলে ঈদের দিনে বাড়ির ছোট ভাইবোন ও ছেলেমেয়েদের খুশি করা মুশকিল হবে।’ তিনি জানান, ছোটবেলায় তাঁর বাবাও ঈদের দিন সালাম করার পর তাঁদের হাতে নতুন টাকার নোট তুলে দিতেন। ছোটবেলার সেই নতুন টাকার গন্ধই ছিল আলাদা।