চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল
কড়া নিরাপত্তায় দরপত্র জমা, অংশ নেয়নি একটি বিদেশি অপারেটর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক হাজার ১০০ কোটি টাকার বেশি (সাড়ে ১৩ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ এবং পরিচালনার দরপত্রে পাঁচটি দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে। পিএসএ ইউরোপ প্রাইভেট লিমিটেড নামে সিঙ্গাপুরের টার্মিনাল অপারেটর এই টার্মিনাল পরিচালনার দরপত্র কিনলেও জমা দেয়নি।গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় বন্দর ভবনে দরপত্র বাক্স খুলে সাংবাদিকদের এই তথ্য জানান প্রকল্প পরিচালক ক্যাপ্টেন নাজমুল আলম।দরপত্রের নিয়মবহির্ভূতভাবে ১২টি শর্ত সংশোধন ও বিলুপ্ত করা নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করেছেন। সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে শর্ত সংশোধন ও বিলুপ্ত করা হয় বলে অভিযোগ ওঠে। মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন কর্মসূচি ঘোষণার কারণে গতকাল সকাল থেকে বন্দর ভবনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বন্দর নিরাপত্তাকর্মীদের কঠোর প্রহরা ছিল। বন্দর কর্মকর্তা-কর্মচারী, দরপত্রে অংশগ্রহণকারী ও সাংবাদিক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ক্যাপ্টেন নাজমুল আলম জানান, দরপত্র জমা দেওয়া পাঁচটি প্রতিষ্ঠান হচ্ছে: নেদারল্যান্ডের এপিএম টার্মিনালস, যুক্তরাজ্যের পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্ট স্টিম নেভিগেশন কোম্পানি ও হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কনটেইনার সার্ভিসেস এবং দেশীয় সাইফ পাওয়ারটেক লিমিটেড।সূত্র জানায়, সাইফ পাওয়ারটেক লিমিটেডের (৫১ শতাংশ) সঙ্গে নমরীন এন্টারপ্রাইজ (১৯ শতাংশ) এবং চীনের একটি টার্মিনাল অপারেটর (৩০ শতাংশ) যৌথভাবে অংশ নিয়েছে। হাচিনসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড ছাড়া অন্য বিদেশি অপারেটরদের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত অংশীদার রয়েছে বলে জানা গেছে।ক্যাপ্টেন নাজমুল আলম সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের (সিপিটিইউ) রিভিউ প্যানেলের নির্দেশনা অনুযায়ী বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি করা যাবে না। তবে এ সময়ে দরপত্র জমা এবং মূল্যায়ন কার্যক্রম চালানো যাবে।বন্দর সূত্র জানায়, গতকাল ট্রলিতে করে এবং কার্টনে বাঁধাই করে পাঁচটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দরপত্র দলিল নিয়ে আসেন বন্দর ভবনে তিনতলার সম্মেলনকক্ষে। এরপর পাঁচটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সামনে এসব দরপত্র দলিল খোলা হয়। একেকটি প্রতিষ্ঠান ছয় থেকে সাত হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দিয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, দরপত্রে নির্বাচিত গ্রহণযোগ্য অপারেটরকে ধাপে ধাপে যন্ত্রপাতি কেনাবাবদ সম্ভাব্য ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে এই টার্মিনালে। ২০ বছর পরিচালনা করে আবার বন্দরকে বুঝিয়ে দিতে হবে। মাশুলও আদায় করবে বেসরকারি অপারেটর। কনটেইনারপ্রতি বন্দরকে কত টাকা দেবে বেসরকারি অপারেটররা, তাই প্রতিযোগিতা হবে এই দরপত্রে।