কড়াইল বস্তিতে গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে গত রোববার দিবাগত রাতে গ্যাসপাইপ বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন সাত্তার মিয়া (২৭) ও আবদুর রহিম (৩০)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা পলাশ মোদক বলেন, বস্তির বউবাজারে টিনশেডের একটি ঘরে গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মোক্তার ও রহিম গুরুতর আহত হন। সাত্তার রিকশাচালক ও রহিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সংকর পাল জানান, সাত্তারের শরীরের ৩৫ শতাংশ এবং রহিমের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, বস্তির বউবাজারে তাঁরা আদম ব্যাপারীর টিনশেড ঘরে থাকেন। রাতের কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। ঘরের ভেতরের গ্যাসপাইপ লাইন বিস্ফোরণের আগুনে দুজনের শরীরের মাথা, চুল ও বুকের বিভিন্ন অংশ পুড়ে যায়।