কড়াইল বস্তির আগুন কিশোরের সিগারেট থেকে?
এক কিশোরের সিগারেট থেকে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছিল বলে সন্দেহ করছেন বস্তির বাসিন্দারা। তাঁরা বলছেন, লেপ-তোশকের যে দোকান থেকে আগুন ছড়িয়ে পড়েছিল, ঘটনার ঠিক আগ মুহূর্তে এক কিশোর সিগারেট হাতে সেখানে ঢুকেছিল। আগুন লাগার পরপরই সে পালিয়ে যায়। কড়াইল বস্তির একাধিক বাসিন্দা গতকাল এ বিষয়টি নিশ্চিত করেন।
গত রোববার অগ্নিকাণ্ডে কড়াইল বস্তির বউবাজার অংশের প্রায় ৫০০টি দোকান ও ঘর পুড়ে যায়। ছোট ছোট খুপরিঘরগুলোতে নিম্ন আয়ের মানুষের সাজানো সংসার জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।
‘বিসমিল্লাহ বেডিং’ নামে বস্তির একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে।
লেপ-তোশকের দোকানটির আকৃতি ছিল ইংরেজি ‘এল’ অক্ষরের মতো। এর সামনে ছিল ‘সুমি ডিজিটাল’ নামে একটি স্টুডিও। আগুনে এ দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই এখন অস্তিত্ব নেই।
অনুসন্ধানে জানা যায়, লেপ-তোশকের দোকান ও স্টুডিওর দখলসূত্রে মালিক মুকুল হোসেন রাজু নামে এক ব্যক্তি। তাঁর দুই শ্যালক রুবেল আহমেদ ও রাকিব হোসেন স্টুডিওটি চালাতেন। আর লেপ-তোশকের দোকানটির জায়গা ভাড়া নিয়েছিলেন সামাদ খান নামে গোপালগঞ্জের এক ব্যক্তি।
বেডিংয়ের দোকানের ডান পাশে ছিল একটি দোতলা বাড়ি। বাঁ পাশে একটি চায়ের দোকান। চায়ের দোকানটি চালাতেন বিলকিস নামে এক নারী। বিল্লাল গাজী নামে তাঁর ১৯ বছরের বাক্প্রতিবন্ধী ছেলে ঘটনার সময় দোকানে ছিলেন। গতকাল সন্ধ্যায় বিল্লাল তাঁর মায়ের সহযোগিতায় ইশারায় ঘটনার ঠিক আগ মুহূর্তের বর্ণনা দেন প্রথম আলোকে। বিল্লালের ভাষ্যমতে, স্টুডিওর রাকিব হাতে একটি সিগারেট নিয়ে ঘটনার আগে লেপ-তোশকের দোকানে ঢুকেছিলেন। এর কিছুক্ষণ পরই আগুন লাগে দোকানটিতে। রাকিব দৌড়ে বেরিয়ে যান দোকান থেকে। বিল্লাল তখন তাঁর গালে একটি চড় মেরে হাতের সিগারেট কোথায় জানতে চান। কিন্তু রাকিব কিছু না বলেই দৌড়ে পালিয়ে যান।
ডান পাশের দোতলা বাড়ির বাসিন্দা বাদল খান বলেন, ঘটনার পরপরই তাঁর ছোট ছেলে রমজান খান তাঁকে এসে জানায় আগুন লেগেছে। তিনি দৌড়ে বেরিয়ে যান। তখনো আগুন লেপ-তোশকের দোকানেই ছিল। কিছুক্ষণ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে নিজের দোকানে ফিরে আসেন তিনি। কিন্তু ততক্ষণে তাঁর দোকানেও আগুন লেগে যায়।
বাদল প্রথম আলোকে বলেন, রমজান তাঁকে জানিয়েছে ঘটনার পরপর সেখানে সে রাকিবকে দেখেছে। রমজান প্রথম আলোকে বলে, আগুন লাগার পরপর সে রাকিবকে ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যেতে দেখেছে।
লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লেপ-তোশকের দোকানের মালিক সামাদ খান ঘটনার সময় দোকানে ছিলেন না। তিনি তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ফিরছিলেন। তাঁর শ্যালক মো. সাদ্দাম ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকান থেকে বেরিয়েছিলেন। দোকানটি তাই ফাঁকা ছিল।
তবে সামাদ খান ঘটনার পরদিন প্রথম আলোকে বলেছিলেন, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন। এ বিষয়ে তিনি গতকাল বলেন, ‘আমি সবকিছু হারাইছি ভাই। দোকানে আছিলাম এটা কইলে যদি একটু সাহায্য কারও কাছ থেকে পাওয়া যায় সে আশায় বলেছিলাম।’
সাদ্দাম বলেন, প্রয়োজন হলে প্রায়ই দোকান খালি রেখে তিনি বাইরে যেতেন। ওই দিন টয়লেট করতে গিয়েছিলেন। যাওয়ার সময় রাকিবকে তিনি দোকানে দেখেননি। তবে শুনেছেন তিনি যাওয়ার পর রাকিব এসে ঢুকেছিলেন দোকানে।
মহাখালীর টিঅ্যান্ডটি মাঠ থেকে কড়াইল বস্তির বউবাজার অংশের দিকে গেলে, বস্তি শুরুর প্রথম দিকের কিছু ঘর অক্ষত আছে। সেখানেই রাকিব হোসেন ও তাঁর ভগ্নিপতি মুকুল হোসেনকে পাওয়া যায়। আগুনে তাঁদের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাকিব প্রথম আলোর কাছে দাবি করেছেন, ওই দোকানে চা খেতে খেতে তিনি ঢুকেছিলেন। তাঁর কাছে কোনো সিগারেট ছিল না। বিদ্যুতের তার থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়ে আগুন লেগেছে বলে তিনি দাবি করেন।
মুকুল হোসেন বলেন, ঘটনার সময় তিনি একটি হাসপাতালে ছিলেন। ফিরে এসে দেখেন আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান উপপরিচালক শওকত হাসান প্রথম আলোকে বলেন, ২৫ জন লোকের বক্তব্য নিয়েছেন তাঁরা। আগুনের সূত্রপাত লেপ-তোশকের দোকানটি থেকে সে বিষয়ে তাঁরা নিশ্চিত হয়েছেন।