কড়াইল বস্তির বিদেশিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়াইল বস্তির বউবাজারে সুবিধাবঞ্চিত তরুণদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন লিসা ভ্যান খেরেভেন (ডানে) l ছবি: সংগৃহীত
কড়াইল বস্তির বউবাজারে সুবিধাবঞ্চিত তরুণদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন লিসা ভ্যান খেরেভেন (ডানে) l ছবি: সংগৃহীত

কড়াইল বস্তির বউবাজারে আল-মদিনা মসজিদের এক গলি পরে একটু এগোলেই দেখা যায় বেগুনি রঙের টিনের বেড়া। ঠেলে ঢুকতেই বাচ্চাদের হইচই। পাশে আরও দুটি ঘর। সেলাই মেশিন, নানা ধরনের হস্তশিল্পসামগ্রীতে ভরা। ব্যস্ত এক নারী এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন। লিসা ভ্যান খেরেভেন। নেদারল্যান্ডসের এই নারী এক যুগ ধরে কাজ করছেন বনানীর কড়াইল বস্তিতে। প্রতিষ্ঠা করেছেন ভিয়ালিসা ফাউন্ডেশন।
সুবিধাবঞ্চিত যুব সম্প্রদায়দের নিয়ে কাজ করে ভিয়ালিসা ফাউন্ডেশন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ১৫ থেকে ২১ বছর বয়সীদের নিয়ে কাজ করছেন লিসা। গত রোববার বনানীর কড়াইল বস্তিতে লিসার সঙ্গে কথা হয়।
ব্র্যাকের শিক্ষানবিশ হিসেবে ১৯৯৫ সালে লিসা বাংলাদেশে এসেছিলেন। এরপর ফিরে যান নিজ দেশে। লিসা বলেন, ‘তখন এসেই দেখেছিলাম, এখানে কাজ করার অনেক সুযোগ। আর সুবিধাবঞ্চিত যুবকদের নিয়ে তখন তেমন কাজ হচ্ছিল না।’ এই চিন্তা থেকেই তিনি ২০০৪ সালে আবার ফিরে আসেন। প্রতিষ্ঠা করেন ভিয়ালিসা ফাউন্ডেশন। এখানে হস্তশিল্প, অফিস সহকারী হিসেবে কাজ এবং বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। গুলশান ১ নম্বরে প্রধান অফিস। ২০০৬ সাল থেকে মৌলিক শিক্ষাও চালু হয়।
মাত্র একজন প্রশিক্ষণার্থী দিয়ে শুরু করেছিলেন। এ ফাউন্ডেশন থেকে এখন বছরে প্রশিক্ষণ নেয় প্রায় ১০০ জন শিক্ষার্থী। সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণার্থীদের ফি মাসে ৩০ টাকা। এর সঙ্গে সকাল-বিকেল দুবার নাশতা দেওয়া হয়। ছয় মাস করে বছরে দুটি সেশন। ‘থ্রাইভ গ্লোবাল’ নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা কড়াইল বস্তিতে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসচেতনতামূলক কাজ করে, তারাই ভিয়ালিসা ফাউন্ডেশনের প্রশিক্ষণার্থীদের খাবার সরবরাহ করে।
প্রশিক্ষণার্থীদের অনেকেরই ছোট সন্তান বা ভাইবোন আছে। ওদের দেখাশোনার জন্য শিশু দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা করেছে এ ফাউন্ডেশন। এখানে চার থেকে ছয় বছর বয়সী শিশুদের রাখা হয়। এদের জন্য প্রাক্-প্রাথমিক শিক্ষারও ব্যবস্থা আছে। প্রতিষ্ঠাতা লিসা বলেন, অনেককেই বাসায় ছোটদের দেখাশোনা করতে হয়। এই সুবিধাটুকু না দিলে তারা আসতে পারে না।
এই প্রতিষ্ঠানের প্রথম প্রশিক্ষণার্থী এখন একটি আইটি ফার্মে অফিস সহকারী হিসেবে কাজ করছেন। প্রশিক্ষণ নিয়েছেন এমন অনেকেই দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন। তবে লিসা চান না তাঁদের পরিচয় প্রকাশ করতে। তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা তাঁর কাছে গিয়েছেন নিজেদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য। যাতে সমাজে তাঁরা সমান আচরণ পান। বস্তি থেকে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে যেন হেয়প্রতিপন্ন হতে না হয়।
ভিয়ালিসায় পাঁচজন কর্মী আছেন। তাঁদের একজন ক্রিস্টিনা হালদার কাজ করছেন আড়াই বছর ধরে। শিশু দিবাযত্ন কেন্দ্রে বাচ্চাদের দেখেন। প্রশিক্ষণার্থীদের উল বোনার কাজও শেখান। ক্রিস্টিনা বলেন, এখানে কাজ শিখে অনেকেই ভালোভাবে উপার্জন করছেন। এবারের ব্যাচে সাতজন প্রশিক্ষণ নিচ্ছেন। ভিয়ালিসা ফাউন্ডেশন থেকে তৈরি হস্তশিল্পপণ্য বিদেশেও রপ্তানি হয়।
কাজ করতে কোনো সমস্যায় পড়তে হয় কি না—এ প্রশ্নে লিসা বলেন, মেয়েদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়। নিম্নবিত্ত হওয়ায় অধিকাংশ মেয়েরই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তখন প্রশিক্ষণ শেষ করতে পারে না। তাদের ভবিষ্যৎও অনিশ্চিত। এ ছাড়া নানা ধরনের পারিবারিক সমস্যা তো আছেই। ঠিকমতো না আসা বা শর্ত না মানলে যদি কাউকে বহিষ্কার করা হয়, তখন কিছুটা সমস্যায় পড়তে হয়। তবু লিসা কাজ করে যাচ্ছেন। এসবই তাঁর সহ্য হয়ে গেছে। লিসা বলেন, ‘ওরা যদি আমাকে জিজ্ঞেস করে, এখানে এসে ওরা কী পাবে। আমি বলি, কিছুই না। কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে।’
৪ ডিসেম্বর কড়াইল বস্তিতে আগুন লেগে শত শত ঘরবাড়ি পুড়ে যায়। সহায়তা নিয়ে অনেকেই লিসার সঙ্গে যোগাযোগ করছেন। গত রোববারও দেখা যায় কয়েকজন এসেছেন খাবার, কাপড় নিয়ে। তিনিও তাঁর লোকবল নিয়ে তা বিতরণ করছেন। নিজের প্রশিক্ষণার্থীদেরও কিছুদিনের জন্য গুলশানে সরিয়ে নিয়েছেন। শিশু দিবাযত্ন কেন্দ্রেও আশ্রয় দিয়েছেন ঘর পুড়ে যাওয়া অনেকের সন্তানদের। ওদিকে সাহায্যের আশায় বেগুনি রঙের টিনের বেড়ার ওপারে পড়েছে লম্বা লাইন।