কড়াইলের ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাস আগের অগ্নিকাণ্ডে সব হারিয়েছে শিশুটির পরিবার। তাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তারপরেও তাদের আশ্রয় পেয়েছে বিড়ালটি। হয়েছে শিশুটির খেলার সঙ্গী। ছবিটি গতকাল রাজধানীর কড়াইল বস্তি থেকে তুলেছেন আবদুস সালাম
এক মাস আগের অগ্নিকাণ্ডে সব হারিয়েছে শিশুটির পরিবার। তাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তারপরেও তাদের আশ্রয় পেয়েছে বিড়ালটি। হয়েছে শিশুটির খেলার সঙ্গী। ছবিটি গতকাল রাজধানীর কড়াইল বস্তি থেকে তুলেছেন আবদুস সালাম

মাঝরাতের আগুনে যে যার মতো ছুটেছিলেন প্রাণ বাঁচানোর তাগিদে। নিজের জীবন আর পরনের কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেননি সেদিন। তবে ভেঙে পড়েননি তাঁরা। জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন। সরকারি সাহায্যের অপেক্ষা করেননি কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষগুলো। তাঁরা একে অপরের সহায়তায় এগিয়ে এসেছেন।
গত ১৬ মার্চ গভীর রাতে ঢাকার মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে সহস্রাধিক ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয় বস্তির বউবাজার বটতলা, তালতলা, কুমিল্লাপট্টি আর নোয়াখালীপট্টির মতো জায়গা। সারা জীবনের সঞ্চয়সহ সহায়-সম্বল হারিয়ে শ্রমজীবী মানুষগুলোর জায়গা হয় খোলা আকাশের নিচে।
ঘটনার এক মাস পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সব হারানো মানুষগুলো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁদের বেশির ভাগই পলিথিনের তৈরি ঝুপড়ি ঘরে পেতেছেন সংসার। আগুনে পোড়া টিন আর ইট জড়ো করে নতুন করে ঘরের ভিত্তি পড়ছেন কেউ কেউ। যাঁদের সংগতি আছে, তাঁরা আনকোরা ইট-কাঠের বন্দোবস্ত করেছেন। চলছে ঘর তৈরির কাজ। তবে তাঁদের সংখ্যা খুবই কম।
গতকাল শনিবার অন্তত ৫০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলছেন, অগ্নিকাণ্ডের এক সপ্তাহের মাথায় সরকারের তরফ থেকে মাত্র ১৫ কেজি করে চাল পেয়েছে প্রত্যেক পরিবার। এ ছাড়া আর কোনো সহায়তা মেলেনি। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশীরাই একে অন্যের সাহায্যে এগিয়ে এসেছেন।
অগ্নিকাণ্ডের পর পেশাও বদলে ফেলেছেন অনেকে। এমনই একজন বউবাজার বটতলা এলাকার সোহরাব হোসেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ১২ ফুট বাই ৮ ফুট জায়গায় ত্রিপলের ছাউনি দেওয়া ঘরে বসবাস তাঁর। ওই জায়গায় টিনের দোতলা ঘর ছিল তাঁর। নিচতলায় ছিল মনিহারি পণ্যের দোকান। আগুনে ওই দোকানসহ দোতলা ঘরের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার পর এখন তিনি রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করছেন।

কড়াইল বস্তির এই ছবি গতকাল তোলা l প্রথম আলো
কড়াইল বস্তির এই ছবি গতকাল তোলা l প্রথম আলো

গতকাল ত্রিপল দিয়ে ঢাকা ঘরের মতো ওই জায়গার মধ্যে ভাত রান্না করছিলেন সোহরাবের স্ত্রী মোসাম্মত জেসমিন। তিনি বললেন, ‘আগুন লাগার পর ১৫ কেজি চাইল ছাড়া কিচ্ছু পাই নাই। এই যে বালতিডা দ্যাখতাছেন, এইড্যা কিন্যা দিসে পাশের বাড়িওলা। খাডডি (খাটটা) দিসে আরেকজন।’
এভাবে একে অন্যের সাহায্যে আবার ঘুরে দাঁড়ানোর গল্প বললেন বস্তির বাসিন্দা নিলুফার বেগম, নাজির হোসেন, চম্পা বেগম ও ইলিয়াস মিয়া। সোহরাব হোসেনের মতো এমন দুটি দোকানের মালিক ছিলেন ইলিয়াস। তিনি বলেন, ‘যাঁর কিছুই নাই, সে গায়ে খাইড্যা অন্যের ঘর তুইল্যা দিসে। তাঁরে আবার ঘডি-বাডি-জামা-কাপুর দিয়া সাহায্য করছে অন্যরা। নিজেরা নিজেগো পাশে না দাঁড়াইলে আমরা কেউই বাঁচতে পারতাম না।’
নিলুফার বেগম ১৭ বছর আগে সিরাজগঞ্জ থেকে এসে স্বামীর সঙ্গে কড়াইল বস্তিতে উঠেছিলেন। এই সময়ের মধ্যে অন্তত ১০ বার এমন অগ্নিকাণ্ডের সাক্ষী তিনি। তিনি বলেন, ‘আগে আছিল নদীভাঙন। আর এহন আগুন। বাঁশের ঠেকা দিয়া ত্রিপল টানাইসিলাম। বাতাসে উড়ায়া নিয়া যায়। কাইল রাইত থেইক্যা কাকের নাহান ভিজতাসি।’
বৃষ্টিতে বস্তি এলাকা তখন নোংরা পানি আর কাদায় সয়লাব। দুপুরের দিকে টিপ টিপ বৃষ্টির মধ্যেও ঘর ওঠানোর কাজে ব্যস্ত তাঁরা। কেউ নতুন করে সীমিত পরিসরে চালু করা দোকানে বসেছেন ক্রেতার আশায়।
তালতলা এলাকায় দেখা গেল, ছোট একটা মেয়ে পলিথিনের ছাউনি দেওয়া ঘরের সামনে বিড়ালকে আদর করছে। এত আগুন, এত হারানোর পরও সেখানে জীবন থেমে নেই।