কড়াইলের বেদে বস্তি পরিদর্শনে হেলেন গ্রান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্তির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইলের বেদে বস্তি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হেলেন গ্রান্ট। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি এ বস্তিতে চলমান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

সভায় নারীর অগ্রযাত্রায় ইউকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে হেলেন গ্রান্ট বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সহিংসতা নারীর অগ্রযাত্রায় অন্যতম প্রতিবন্ধকতা। দরিদ্র বসতিতে এটি বড় ধরনের একটি সংকট। আর্থিক অনটনে অনেকে সন্তানের পড়ালেখার খরচ জোগাতে পারেন না। এ ছাড়া হয়রানি ও নির্যাতনের ভয়ে কন্যাসন্তানকে ঘরে রাখাও অভিভাবকেরা ঝুঁকিপূর্ণ মনে করেন। যে কারণে পরিণত বয়সের আগেই বিয়ে দেওয়া হয়। করোনাকালে এ সমস্যা আরও বেড়েছে। বাল্যবিবাহের পাশাপাশি পরিবার ও সমাজে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতাও বেড়েছে।

কড়াইলের বেদে বস্তিতেও এ চিত্র লক্ষ করা যায় বলে জানান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তবে এসব সমস্যা সমাধানে ইউকে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন হেলেন গ্রান্ট।

করাইলের বেদে বস্তিতে এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা ভাতা, ব্যবসায়িক অনুদান, পুষ্টি সহায়তা ও শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা শিক্ষা গ্রহণ ও নারী উপার্জনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সহিংসতা কমিয়ে আনতে ভূমিকা রাখছে।

আঁকা ছবি বাঁধিয়ে হেলেন গ্রান্টকে উপহার দিচ্ছে দুই কিশোরী
ছবি: সংগৃহীত মেটা:

প্রকল্পের সেফ কমিউনিটি কমিটির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, নির্যাতন বন্ধে সামাজিক ও আইনি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় লোকজনের উন্নয়নে অবকাঠামো—হাঁটাপথ, নর্দমা, সৌরবাতি ও শৌচাগার প্রভৃতি নির্মাণ করা হচ্ছে। তবে এখনো অনেক মানুষের সহায়তা প্রয়োজন বলে জানান প্রকল্পের কর্মকর্তারা। হেলেন গ্রান্টও প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বস্তি পরিদর্শনের সময় ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট ডিরেক্টর জুডিথ হার্বাটসন, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জি, প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও বস্তিবাসী উপস্থিত ছিলেন।