কড়াকড়িতে প্রাণহীন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার শিক্ষার্থী বৈশাখী মেলা ঘুরতে এসেছিলেন। তাঁরা এসেছিলেন সরকারি আজিজুল হক কলেজ থেকে। বৈশাখী মেলার প্রধান ফটক বন্ধ। ছোট পকেট গেট দিয়ে ঢুকতে যাবেন, অমনি তেড়ে আসেন দুজন পুলিশ সদস্য। নিজেদের পরিচয় দেওয়ার পরও চলে তল্লা­শি। কিছুক্ষণ আটকে রাখার পর শেষে মেলায় প্রবেশের অনুমতি মেলে। এই চিত্র ছিল গত বৃহস্পতিবার সকাল ১০টার বগুড়া এডওয়ার্ড পার্কের দক্ষিণ ফটকের। পার্কের ভেতরে বসেছিল পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা। আরেক পাশে ওস্তাদ আলাউদ্দিন মঞ্চে বৈশাখী উৎসব তখন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায়।
শুধু পার্কের ফটকে নয়; পার্ক অভিমুখী সব সড়ক ও রাস্তাতেও ছিল পুলিশের তল্লাশি, জিজ্ঞাসাবাদ ও মেলায় প্রবেশে বাধাবিপত্তি।
সাতমাথা-খান্দার সড়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, জাহাঙ্গীরাবাদ সেনানিবাস, নাটোর-রাজশাহীর বাস চলাচলের রাস্তা হলেও সকাল থেকে এই সড়কে নিরাপত্তার অজুহাতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ফলে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয় দর্শনার্থীসহ পথচারীদেরও। ফলে পয়লা বৈশাখকে ঘিরে এবার বগুড়া শহরে মানুষ আর উৎসবের স্রোতে তেমন ভাসতে পারেনি। বৈশাখী মেলায়ও হয়নি তেমন লোকসমাগম।
সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথার খান্দার সড়কের প্রবেশমুখে দায়িত্বরত ছিলেন পুলিশের তিন সদস্য। এ সময় তৌহিদ হোসেন মোটরসাইকেলে স্ত্রীসহ অসুস্থ শিশুকে নিয়ে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই পুলিশের একজন সদস্য কড়া নির্দেশ দিয়ে বলেন, ‘এই সড়ক বন্ধ। অন্য রাস্তা দিয়ে যান।’
তর্কে জড়িয়ে তৌহিদ বলেন, ‘নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ করে দিতে হলে জনসাধারণের অবগতির জন্য তা আগেই মাইকিং বা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা দরকার ছিল।’ দায়িত্বরত পুলিশের একজন উপপরিদর্শক এ সময় বলেন, ‘এসব এসপিকে গিয়ে বলেন’।
বৈশাখী মেলার খেলনা দোকানি শেরপুরের আজহার আলী বলেন, ‘বছরের এই একটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করি। বগুড়ার এই মেলায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। কিন্তু এবার লোকসমাগম নেই। ব্যবসা-বাণিজ্যে খুব মন্দা। মেলায় আসা দোকানিদেরও বাইরে যেতে দিচ্ছে না পুলিশ। কেউ খেতে পর্যন্ত যেতে পারছে না।’
পুলিশের এসব বাড়াবাড়িতে ক্ষুব্ধ মেলার আয়োজকেরাও। আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিরাপত্তার কথা বলে পুলিশের অতিমাত্রার বাড়াবাড়িতে এবার বৈশাখী উৎসবে ছেদ পড়েছে। গতবারের চেয়ে লোকসমাগম ৪ ভাগের ৩ ভাগ। সন্ধ্যার আগেই উৎসব বন্ধ করতে হয়েছে। পুলিশ মেলায় ঢুকে দর্শনার্থীদের বের করে দিয়েছে।
এদিকে এসব অভিযোগের ব্যাপারে মুখ খুলতে চাননি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা। তাঁরা শুধু বলছেন, বৈশাখী উৎসবকে ঘিরে নাশকতার আশঙ্কা থাকায় ওপর মহলের নির্দেশেই তাঁরা এসব পদক্ষেপ নিয়েছেন।