কয়রা-ডুমুরিয়া সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা-ডুমুরিয়া সড়ক সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও সঠিকভাবে কাজ না করায় সড়কের কয়েকটি স্থানে পিচ উঠে গেছে। সড়কটির পাশের লোকজন সম্প্রতি এসব অভিযোগ করেছেন। সড়কটির শিববাটি এলাকায় গিয়ে পিচ উঠে যাওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদার সড়ক সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, পাইকগাছার চাঁদখালী সেতু খেকে ডুমুরিয়ার আঠারো মাইল পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য গত বছরের ১১ মার্চ দরপত্র আহ্বান করা হয়। ১৫ কোটি ৯৭ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি পেয়েছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ ইঞ্জিনিয়ারিং। কাজটি বাস্তবায়ন করছে সওজের খুলনা কার্যালয়। ঠিকাদারকে ওই বছরের জুলাই মাসে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ২৫ জুলাই কাজ শেষ করার কথা রয়েছে। দরপত্র অনুযায়ী কয়রার চাঁদখালী সেতু থেকে পাইকগাছার শিপসা সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারের ১১ কিলোমিটার কার্পেটিং সিলকোট এবং বাকি তিন কিলোমিটারে শুধু সিলকোট করা হবে। আবার শিপসা সেতু থেকে ডুমুরিয়ার আঠারো মাইল পর্যন্ত ৩৪ কিলোমিটারের মধ্যে ২১ কিলোমিটার কার্পেটিং সিলকোট ও ১৩ কিলোমিটার শুধু সিলকোট করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি সরেজমিনে সড়কের শিববাটি এলাকায় গিয়ে দেখা গেছে, এখানে সড়কের কয়েকটি স্থানে পিচ উঠতে শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের কাজে অনিয়ম করা হচ্ছে। পিচ উঠে যাওয়া স্থানগুলো ঠিকমতো পরিষ্কার না করে ওই স্থানেই পিচ দেওয়া হচ্ছে। এ কারণে পিচ উঠে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শিববাটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সিলকোট ১২ মিলিমিটার পুরু করে দেওয়ার কথা। কিন্তু তা দেওয়া হচ্ছে না। তাঁরা আরও অভিযোগ করেন, পিচ দেওয়ার পর সেই পিচের ওপর শুকনো বালুর বদলে ভেজা বালু দেওয়া হচ্ছে। আট দিন আগে দেওয়া পিচ ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বাসচালক রুহুল ইসলাম বলেন, পিচ যেভাবে দেওয়া হচ্ছে, তা না দেওয়াই ভালো ছিল। পিচ দেওয়া হচ্ছে হাতের নখের মতো পাতলা করে। হাফ বা এক ইঞ্চিও নয়। একটু ব্রেক কষলেই পিচ উঠে যাচ্ছে। উপজেলার দেবদুয়ার গ্রামের মালেক হোসেন বলেন, এ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এখনই পিচ উঠে যাচ্ছে।স্থানীয় লোকজন জানান, শিববাটি অংশে গত ২৮ ফেব্রুয়ারি পিচ উঠে যাওয়া স্থানে গলানো পিচ দেওয়ার পর পাথর আর বালু দিয়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু বাসের চাকার ঘর্ষণে ওই স্থানের পিচ এখন আবার উঠে গেছে। ঠিকাদার তহিদুল ইসলাম আজাদ মুঠোফোনে জানান, সড়ক সংস্কারের কাজে কোনো অনিয়ম হয়নি। তিনি দাবি করেন, এটা তো শুধু সিলকোটের কাজ। জনগণ না বুঝে অনেক সময় অনেক কথা বলে। কোথাও পিচ উঠে যাচ্ছে না।সওজ খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, ‘এর আগে এ ব্যাপারে আমার কাজে কোনো অভিযোগ আসেনি। এখন বিষয়টি জানলাম। এ রকম হলে আমরা ব্যবস্থা নেব।’