কয়রা-দাকোপে বসতভিটায় কোমরসমান পানি
অতিবর্ষণে খুলনাসহ দক্ষিণাঞ্চল প্লাবিত হয়েছে। আইলাদুর্গত কয়রা ও দাকোপ উপজেলা অধিকাংশ বাড়িঘর আবারও কোমরসমান পানিতে তলিয়ে গেছে। জানা গেছে, দুই সপ্তাহের টানা বর্ষণে ইতিমধ্যে খুলনা-পাইকগাছা ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সরাসরি যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনমজুর বা খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। কয়রা ও দাকোপের মানুষের বসতভিটায় আবারও কোমরসমান পানি উঠেছে। খুলনা নগরের অধিকাংশ বড় রাস্তায় হাঁটু পানি জমে গেছে। অসংখ্য চিংড়িঘের ও সবজির খেত ভেসে যাওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মহসীন রেজা বলেন, কৃষকেরা ধান রোপণের জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন, তা ভেস্তে গেল। আইলাদুর্গত ব্যক্তিরা যে টংঘর করে বসবাস করছিল, তাও ডুবে যাচ্ছে। পানি সরার স্লুইসগেটগুলো অকেজো। তার ওপর মানুষের কাজের কোনো ব্যবস্থা নেই। অধিকাংশ ওয়াপদা বাঁধের অবস্থাও খুব খারাপ। আর চিংড়িঘের তো শেষ। দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, ধানের চারা তলিয়ে গেছে। অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। বিশেষত কামারখোলা ও ছুতরখালী ইউনিয়নের অবস্থা খুবই খারাপ। ওখানকার মানুষের চলাচলের কোনো পথ নেই। তাই এখনই তাদের জন্য ত্রাণ দরকার।পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান বলেন, পানিতে সব চিংড়িঘের ভেসে গেছে। আর কপিলমুনি ও হরিঢালি ইউনিয়নে তরিতরকারি, পানের বরজ, নার্সারি ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, কোটি কোটি টাকার মাছের ঘের, বীজখেত ও সবজি শেষ হয়ে যাওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার বলেন, অতিবৃষ্টিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ এখনো চলছে। আইলাদুর্গত কয়রা, পাইকগাছা ও খুলনার বাস্তুহারা কলোনিতে পাঁচ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।