কয়রার তিন ইউনিয়নে খাওয়ার পানির সংকট
গ্রীষ্মকাল শুরু না হতেই খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ইউনিয়নগুলোতে নলকূপ বসানোর ব্যবস্থা ও পানির বিকল্প উৎস না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ওই তিন ইউনিয়নের ২০ হাজার পরিবারের ৯০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আমাদি, বাগালি ও মহেশ্বরীপুর ইউনিয়নে নলকূপ বসানোর ব্যবস্থা নেই। এখানে ঘূর্ণিঝড় আইলার আগে থেকেই এলাকার মানুষ পুকুরের পানি ও বৃষ্টির পানি সংরক্ষণ করার পর তা পান করত। কিন্তু আইলার পর লোনাপানি আটকে থাকায় এলাকার খাল, বিল ও পুকুরের পানি খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। তবে এ সমস্যা সমাধানে এক বছর আগে সরকারি ও বেসরকারি সংস্থার (এনজিও) যৌথভাবে এ তিন ইউনিয়নের কয়েকটি পুকুর পুনঃখনন করে এবং এসব পুকুরের পাড়ে পানি শোধনের প্লান্ট বসায়। এত দিন এলাকাবাসী এসব পুকুর থেকে পানি পান করত। কিন্তু এখন ওই পুকুরগুলোতে পানি কমে গেছে। লালচে আবরণ পড়ায় ও দুর্গন্ধযুক্ত হওয়ায় এসব পুকুরে যেটুকু পানি আছে, তা পান করার অনুপযোগী হয়ে পড়েছে। এর পরও এলাকার মানুষ বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে এসে ওই সব পুকুর থেকেই পানি নিয়ে যাচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় তারা কম পানি নিতে পারছে।মহেশ্বরীপুর ইউনিয়নের বটতলা থেকে তিন কিলোমিটার হেঁটে বামিয়া গ্রামে সরকারি পুকুরে থেকে পানি নিতে আসা রাফেজা বেগম বলেন, ‘আমাগে ওদিরি পানির কোনো ব্যবস্থা নেই বলে দিনি দুই কলস খাবার পানির জন্যি এই গরমে এত দূর হাঁটে দুইবার পানি নিতি আসতি হচ্ছে।’ একই পুকুরে পানি নিতে আসা মিজানুর রহমান বলেন, ‘ফাঁকা বিলির মদ্দি দিয়ে সাত কিলোমিটার হাঁটে এহিনি পানি নিতি আইছি।’আমাদি ইউনিয়নের জায়গির মহলের সরকারি পুকুরে পানি নিতে আসা ঝর্ণা বাহাদুর বলেন, ‘এই পুকুরির পানি লালচে হয়ে গেছে। কিন্তু এর পরও আর কোনো উপায় নেই বলে এহিন্তে দিনি তিন-চার কলস পানি নিয়ে খাচ্ছি।’ মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) বিজয় সরকার বলেন, ‘কয়রা উপজেলার মধ্যে মহেশ্বরীপুর ইউনিয়নেই পানির কষ্ট সবচেয়ে বেশি। ইউনিয়নের ৪১ হাজার মানুষের জন্য সরকারি চারটি ও বেসরকারি পাঁচটি পুকুর আছে। এগুলোর ওপরই আমাদের সবার ভরসা।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, আমাদি, বাগালি ও মহেশ্বরীপুর ইউনিয়নে নলকূপ বসানো যায় না। তাই এই তিন ইউনিয়নে বৃষ্টির পানি ধরে রাখার জন্য ১১২টি আধার (পাত্র) তৈরি করা হয়েছে। এর মধ্যে বাগালিতে ২৮, আমাদিতে ২৯ ও মহেশ্বরীপুরে ৫২টি আধার স্থাপন করা হয়েছে। প্রতিটি পাত্রে ৩০ হাজার লিটার পানি ধরে রাখা যায়। পরিবারপ্রতি একটি করে পানির আধার নির্মাণ করা হয়েছে। এ তিন ইউনিয়নে ২০ হাজার পরিবার বাস করে। প্রয়োজনের তুলনায় কম পানির আধার নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও পানির আধার নির্মাণ করা হবে। তবে বৃষ্টি না থাকায় এবং গরমের কারণে এখন এসব ইউনিয়নে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী বলেন, ‘ওই এলাকাগুলোতে নলকূপ বসাতে না পারায় পুকুর খনন ছাড়া খাওয়ার পানি সংগ্রহ করার বিকল্প ব্যবস্থা নেই। তাই সরকারের পাশাপাশি আমি বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করে আরও পুকুর খননের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’