কয়রার দুই লাখ মানুষ ‘জলবায়ু উদ্বাস্তু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিলের জমিতি দুই থেকি তিন ফুট নোনা মাটির পলি জমিছে। এহানে আর কয়েক বছরের মধ্যি ধান হবে নানে। আগে গ্রামের মানুষ ধান চাষ কইরে আর জঙ্গলে (সুন্দরবন এলাকার নদীতে) মাছ ধইরে সংসার চালাত। আর এহন বাঁধে কামলা দেয়। জীবন বাঁচাতি কাজের জন্যি অনেকে শহরে চইলে গেছে।’ কয়রা সদর থেকে মহারাজপুর ইউনিয়নের পবনা-মঠবাড়ী বাঁধের অবস্থা দেখতে যাওয়ার পথে ট্রলারে বসে এখানকার পরিস্থিতি সম্পর্কে এভাবেই বলছিলেন গ্রামের বৃদ্ধ জাহাবক্স।ট্রলারে যেতে যেতে দেখা যায়, মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় এখানকার জীববৈচিত্র্যে দেখা দিয়েছে ভয়াবহ পরিবর্তন। মহারাজপুর ইউনিয়নের প্রায় সব গ্রামের একই চিত্র। মাইলের পর মাইল এলাকার সবুজ গাছপালা মরে বিবর্ণ হয়ে গেছে। শুকনো নারকেল ও তালগাছ ছাড়া অন্য কোনো গাছ চোখে পড়ে না। সবুজ ঘাস না জন্মানোয় এ এলাকায় গবাদিপশুও বিলীন হওয়ার পথে।কয়রা উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আতিয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লবণপানির কারণে এখানকার অধিকাংশ গাছপালা মরে গেছে। বেড়িবাঁধ নির্মাণ না হলে বা অধিক বৃষ্টি না হলে লবণের এই প্রভাব কমবে না। লবণপানির প্রভাবে এখানে স্বাভাবিক চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ওপর ইতিমধ্যে এর বিরূপ প্রভাব পড়েছে। পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে অনেকে পেশা পরিবর্তন করেছেন। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের ট্রলার মাঝি রইছ উদ্দিন বলেন, ‘আগে আমরা ফসলের জমিতি কাজ কইরে খাতাম। আমাগে তেমন এট্টা অভাব ছিল না। নোনা পানিতি বিল ডুবে থাকায় কোনো ফসল হচ্ছে না। আমাগের অবস্থা এহন খুবই খারাপ। পরিবারের মেয়েরা জাল নিয়ে নদীতি মাছ ধরে আর আমার মতো লোকজন খেত-খামারি ছাইড়ে বৈঠা হাতে নেচ্ছে।’কয়রা উপজেলার চেয়ারম্যান জি এম মোহসিন রেজা প্রথম আলোকে জানান, ঘূর্ণিঝড় আইলার এক বছর পরও উপজেলার প্রায় দুই লাখ মানুষ ঘরে ফিরতে পারেনি। মহারাজপুর, কয়রা ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম এখনো পানির নিচে। ফসলি জমি ধ্বংস হয়ে যাওয়ায় মানুষ দীর্ঘদিনের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। পানিবন্দী, আবাসন সংকট, যাতায়াতের অব্যবস্থা, খাদ্য ঘাটতি ও শিক্ষার অপ্রতুলতার ফলে কয়রার প্রায় দুই লাখ মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে। শত শত পরিবার বাঁধ ও সড়কের পাশে সামান্য জায়গায় খুপরিঘর বানিয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি আরও বলেন, বেড়িবাঁধ যথাসময়ে নির্মাণ সম্ভব না হওয়ায় আইলার ক্ষতির প্রভাব পড়েছে দীর্ঘমেয়াদি। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালি, পদ্মপুকুর ও পবনা-মঠবাড়ী ক্লোজার দিয়ে প্রতিনিয়ত লবণপানি এখনো বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করছে। মহারাজপুর, বাগালি, মঠবাড়ী ও ২, ৩, ৫ নং কয়রা গ্রামে বিলের হাজার হাজার হেক্টর ফসলি জমি এখনো পানির নিচে তলিয়ে আছে। অধিকাংশ স্কুল-কলেজের কার্যক্রম শুরু করা যায়নি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস হয়ে গেছে।খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব হোসেন জানান, এ অঞ্চলের মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। সচ্ছল ও মধ্যবিত্ত অনেক পরিবার ভিখারিতে পরিণত হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরতে তাদের অনেক সময় লাগবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার।