কয়রায় অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রায় অপহরণের দুই দিন পর আলতাফ হোসেন (৩১) নামের এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি।জানা যায়, কয়রা উপজেলার কয়রা ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের অহেদ গাজীর ছেলে আলতাফ হোসেনকে ১০ মার্চ বুধবার সন্ধ্যার পর তাঁর বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করা হয়। তাঁর বাবা পাঁচজনকে আসামি করে ১২ মার্চ কয়রা থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ একই গ্রামের প্রতিবেশী তরিকুল ইসলামকে ওই দিনই গ্রেপ্তার করে। পুলিশ তরিকুলকে জিজ্ঞাসাবাদ শুরু করলে হত্যার পর লাশ শাকবাড়ীয়া নদীতে ফেলে দেওয়া হয় বলে তিনি জানান। আসামির দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ১৩ মার্চ সকালে নদী থেকে আলতাফের লাশ উদ্ধার করে।আসামি তরিকুল ইসলাম ১৩ মার্চ কয়রা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী আসামিদের নামসহ নিজে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।ঝালকাঠিতে গলাকাটা লাশঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের নতুনবাজার খাল থেকে গতকাল মঙ্গলবার সকালে জাকারিয়া হাওলাদার (২৪) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকারিয়া সদর উপজেলার গুয়াটন গ্রামের মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে। দুই দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন।নিহত ব্যক্তির বড় বোন শাহিদা বেগম জানান, প্রতিবেশী আবদুর রাজ্জাক খান গত রোববার রাতে জাকারিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে তাঁর ভাই আর বাড়ি ফিরে আসেননি। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ভাইকে জবাই করে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।ঝালকাঠি থানার উপ-পরিদর্শক মাহাবুবুল আলম বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’