কয়রায় তিন ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন কাশিয়াবাদ বেড়িবাঁধ থেকে মুক্তিপণের দাবিতে তিন ছাত্রকে অপহরণ করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রাইভেট পড়ে কয়রা গ্রামে নিজ নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।
অপহূত ছাত্ররা হচ্ছে কয়রা গ্রামের আজিজুল গাজীর ছেলে ও কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সালেহ (১০), নূর বকস ঢালীর ছেলে ও তৃতীয় শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (৯) এবং গোলাম মোস্তফা ঢালীর ছেলে ও শাকবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. মুজাহিদ (১৩)।
পুলিশ ও এলাকার কয়েকজন জানায়, পাশের গ্রামের এক যুবকের কাছে ওই তিন ছাত্র প্রাইভেট পড়ে। সোমবার অনেক রাতেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খুঁজতে বেরিয়ে বেড়িবাঁধের ওপর তাদের বই-খাতা পড়ে থাকতে দেখেন।
কয়রা গ্রামের কাওছার শেখ বলেন, ‘এলাকায় এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। নদীতে মাছ-কাঁকড়া ধরতি গিয়ে অনেকেই ডাকাতির কবলে পড়ে। এলাকায় ডাকাতেরা আসে না। এখন বাদায় (বন) লোক কম যাওয়ায় ডাকাতেরা লোকালয়ে চলে আসতে শুরু করেছে। এ জন্যি আমরা ভয়ে আছি।’
মুজাহিদের বাবা গোলাম মোস্তফা বলেন, ‘মঙ্গলবার (গতকাল) সকালে আমার কাছে একটা ফোন আসে। তারা বলে, “আমরা বাদার মধ্যি আছি। তোমার ছেলেকে ছাড়ায়ে নিতি চালি দুই লাখ টাকা লাগবে”।’ তিনি জানান, বাকি দুই ছাত্রের পরিবারের কাছেও মুক্তিপণ বাবদ একই পরিমাণ টাকা দাবি করা হয়েছে।
মেহেদী হাসানের মা সালমা খাতুন বলেন, ‘স্কুলির ফাইনাল পরীক্ষার জন্যি আমার ছাওয়ালকে মাস্টারের কাছে প্রাইভেট পড়তে পাঠাইলাম। প্রত্যেক দিন রাত নডা (নয়টা) বাজলি বাড়ি ফেরে। কাল আর ফিরল না। দেরি দেখে আমি আর ছাওয়ালের বাপ খুঁজতি বের হই। ওয়াপদার রাস্তায় লাইট জ্বালায়ে যাবার সময় দেখি আমার ছাওয়ালের বই-খাতা-জুতা ছড়ানো। এখনো আমার ছাওয়ালকে খুঁজি পাইনি।’
স্থানীয় কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) পারভেজ বলেন, অপহরণের খবর পাওয়ার পর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আশা করছি, দ্রুত অপহূত শিশুদের উদ্ধার করা সম্ভব হবে।’