কয়রায় নারীদের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলার শুঁড়িখালী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম রাস উৎসব কমিটির আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নারী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
খুলনার কয়রা উপজেলার শুঁড়িখালী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম রাস উৎসব কমিটির আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নারী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

খুলনার কয়রা উপজেলার আমাদী এলাকার শুঁড়িখালী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম রাস উৎসব কমিটির আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নারী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর আশ্রমের সামনের ঘোষখালী খালে অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

অনুষ্ঠানের দিনে নৌকায় মাঝিদের কণ্ঠে ভেসে আসছিল গ্রামবাংলার চিরন্তন আঞ্চলিক জারিগান। ঢাক-ঢোলের তালে তালে সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছিল হাজারো উৎসুক দর্শকও। সব মিলিয়ে কয়রার শুঁড়িখালী এলাকার ঘোষখালী খালের পাড়ে বিরাজ করেছিল এক অন্য রকম দৃশ্য।

নৌকাবাইচ প্রতিযোগিতা বিভিন্ন এলাকা থেকে নৌকা অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে চান্নিরচক এলাকার মীরা রানী সরদারের বংশী নৌকা। তাদের পুরস্কার হিসেবে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়। দ্বিতীয় হন উপজেলার উত্তর চান্নিরচক এলাকার সন্ধ্যা রানী গলদারের দুরন্ত নৌকা। এই দল ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার হিসেবে পায়। সাতক্ষীরার চিন্তা রানী সরকারের পঙ্খিরাজ নৌকা তৃতীয় স্থান অধিকার করে। এ দলকে অ্যান্ড্রয়েড মোবাইল পুরস্কার হিসেবে দেওয়া হয়।

পাঁচ বছর ধরে প্রতিবছর শুঁড়িখালী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম রাস উৎসব কমিটি এ নৌকাবাইচের আয়োজন করে আসছে।

শুঁড়িখালী শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম রাস উৎসব কমিটির সভাপতি প্রশান্ত কুমার বাইন জানান, প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে হাজারো মানুষের উপস্থিতিতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। এ উপলক্ষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তিনি নারী নৌকার মাঝিদের বাবা ও স্বামীদের ধন্যবাদ জানান।