কয়রায় বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের গাজীপাড়া এলাকায় গত রোববার রাতে জোয়ারের পানিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কমপক্ষে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়িতে পানি ওঠায় আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম বলেন, হঠাৎ বন্যা-আক্রান্ত হওয়ায় এলাকায় খাওয়ার পানির চরম সংকট দেখা দিয়েছে। এক শর বেশি চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেঙে যাওয়ার পর স্থানীয়ভাবে বাঁধটি কয়েকবার মেরামতের চেষ্টা করা হয়েছে। এতে কাজ হয়নি।
স্থানীয় লোকজন বলেন, প্রবল জোয়ারের পানিতে কপোতাক্ষ নদের প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধ ভেঙে গাজীপাড়া, পুঁটির ঘেরী, দেওয়ানখালী, বেদকাশী ও কাটমারচর গ্রাম লবণাক্ত পানিতে তলিয়ে গেছে। গ্রামগুলোর কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িভাঙা মানুষেরা রাস্তায় ও অন্যান্য গ্রামে আশ্রয় নিয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা না হলে আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বাঁধটি পরিদর্শন করেন। সে সময় তাঁদের দ্রুত বাঁধ মেরামতের কথা বলা হয়। তাঁরাও মেরামতের আশ্বাস দেন। কিন্তু রাতেই বাঁধটি ভেঙে যায়।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ‘বাঁধ ভাঙার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি বাঁধটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দীন বলেন, বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপারটি জেলা মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।