কয়রায় বেড়িবাঁধে ভাঙন
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের একটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই বেড়িবাঁধ ভেঙে গেলে এলাকার দুই শতাধিক গ্রামের আড়াই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিজন কুমার সরদার বলেন, ‘আমি ৪০ দিনের কর্মসূচি দিয়ে ঠেক (ঠেকানো) না দিলি আবার আর এট্টা আইলা হইয়ে যেত। এতে মহেশ্বরীপুর, বাঘালী, মহারাজপুর ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ ও প্রায় পাঁচ হাজার হেক্টর জমি তলিয়ে যেত। আমি বারবার পানি উন্নয়ন বোর্ডরে বলতিছি, কিন্তু তারা শোনতেছে না। ওরা মানুষের সমস্যা বোঝে না। এই বাঁধ ঠেয়ানোর জন্য ছয় মাস ধইরে এক রাস্তার কাজ করতেছে তা এহনও শেষ করতি পারলে না।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, আইলার সময় এই স্থানটি ভেঙে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়েছিল। পরে বাঁধটি কোনোমতে সংস্কার করা হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এরপর ক্ষতিগ্রস্ত স্থানটি আর সংস্কার না করায় গত এক বছর এই স্থানের প্রায় ছয়-সাত ফুট বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙে যাওয়ায় আশঙ্কায় পাউবো বাঁধের পশ্চিম পাশে প্রায় ১০-১২ ফুট দূর দিয়ে আরেকটি রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু তা প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। গত শুক্রবার ১৩-১৪/২ নম্বর পোল্ডারের যতিন বাবুর বাড়ির সামনে গিয়ে দেখা গেছে, বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন এলাকার পশ্চিম পাশে একটি সড়ক তৈরি করা হচ্ছে। সড়কটির কাজ আপাতত বন্ধ রয়েছে। মহেশ্বরীপুর এলাকার পল্লিচিকিৎসক সনজিৎ রায় বলেন, এই স্থানটি ভেঙে গেলে মহেশ্বরীপুরের প্রায় ২০০ গ্রামের এক লাখ মানুষ আবার জলাবদ্ধ হয়ে পড়বে। একই এলাকার সরোজিৎ কুমার মণ্ডল বলেন, ‘এই এক বছরে এহেনে প্রায় ১২-১৩ হাত ভাঙে গেছে। ওবদার লোক আসে জানুয়ারিতে এইহেনে নতুন কইরে বেড়ির কাজ শুরু করিল, এহন তা বন্ধ কইরে রহেছে। আমরা পানিতে তলায়ে মরব তারপর ওরা কাজ শুরু করবে।’ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বলেন, ‘আমি এখনই বিষয়টি দেখছি। তারপর দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’