কয়রায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইলাদুর্গত খুলনার কয়রা উপজেলার বিস্তীর্ণ বেড়িবাঁধে ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। জোয়ারের পানিতে ভেসে যাওয়ার আতঙ্ক নিয়ে দিন কাটছে কয়েক হাজার মানুষ।এলাকাবাসী ও পানি উন্নয়ন (পাউবো) বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরবনের বিপরীত পাশে কপোতাক্ষ, কয়রা ও শাকবাড়িয়া নদীবেষ্টিত কয়রার সাতটি ইউপির মধ্যে ছয়টির বেড়িবাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। ১১৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৮০ কিলোমিটারের অবস্থা ঝুঁকিপূর্ণ।সরেজমিনে দেখা গেছে, উত্তর বেদকাশী ইউপির গাইন বাড়ি, গাজিপাড়া, গাববুনিয়া, ৬ নম্বর কয়রার গড়িয়াবাড়ি লঞ্চঘাট থেকে পুলিশ ফাঁড়ি, দক্ষিণ বেদকাশী ইউপির খাসিটানা, চোরামুখা, মাটিয়াভাঙ্গা, মহারাজপুর ইউপির গোবিন্দপুর, দোশালিয়া, মহেশ্বরীপুর ইউপির শিকারিবাড়ি, নয়ানী কাছারিবাড়ি ও শেখের ট্যাক, কয়রা সদর ইউপির ৪ নম্বর কয়রা লঞ্চঘাট, ৫ নম্বর কয়রা স্লুইসগেট, মহারাজপুর ইউপির লোকা, দশানিয়া, সুতিরগেট এলাকায় মানুষই আতঙ্কের মধ্যে রয়েছে।তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সময় বেড়িবাঁধের ২৬টি জায়গায় ভেঙে যায়। এর মধ্যে ছয়টি ভাঙন ছিল মারাত্মক। গত তিন বছরে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে বড় বড় ভাঙনে বাঁধ দিয়েছে। কিন্তু এর মধ্যে বিস্তীর্ণ বেড়িবাঁধের অন্য অনেক জায়গায় ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, কিছু প্রভাবশলী চিংড়িচাষি ভেতরে লোনাপানি তোলার জন্য বাঁধে ছিদ্র করে প্লাস্টিকের বড় পাইপ বসানোর কারণে ভাঙন দেখা দিয়েছে। একই কারণে আইলার সময় অনেক বাঁধে ভাঙন দেখা দিয়েছিল। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতার পরও পাইপ অপসারণে পাউবো তেমন কোনো ব্যবস্থা নেয়নি।২ নম্বর কয়রা খালের গোড়ায় দাঁড়িয়ে অনুকূল মণ্ডল (৬২) বলেন, ‘ওই দ্যাখেন, পুরোনো স্লুইসগেটটা নদীর মধ্যে দাঁড়ায়ে রয়ছে। একানকার বাঁধের যা অবস্থা, তাতে যেকোনো জোয়ারেই আমরা জলে তলিয়ে মরব।’ গাববুনিয়া গ্রামের জ্ঞানেন্দ্রনাথ রফতান (২৮) বলেন, ‘আইলায় তো ভাঙে ছিল। তারপর গত আট মাস ধরে এই বাঁধে ভাঙন চলতেছে। কিন্তু কোনো মেরামত কত্তেছে না। কখন যে আবার ডুবে মত্তি হবেনে।’পাউবো কয়রা এলাকার শাখা কর্মকর্তা মো. আলী উজ্জামান জানান, বেশ কয়েকটি এলাকার বাঁধের অবস্থা খুবই নাজুক। পানি চাপ দিলে আইলার মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, আইলার পর থেকে পাউবো শত শত কোটি টাকা খরচ করে ক্লোজারগুলো বেঁধেছে। ওই ফাঁকে বেড়িবাঁধের অনেক জায়গায় ব্যাপক ভাঙন লেগেছে।পাউবোর কয়রা উপজেলা এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (সাতক্ষীরা বিভাগ-২) এস এম শহিদুল ইসলাম জানান, ১৫টি স্থানে জরুরি মেরামতের জন্য এক কোটি ২৯ লাখ টাকার প্রস্তাবিত কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ সোহরাব আলী সানা জানান, তিন বছরের চেষ্টায় কয়রা লোনাপানি মুক্ত হয়েছে। তা বজায় রাখতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে মেরামত শুরু করতে বলা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে।