কয়রায় ব্যবসায়ী ও অভয়নগরে রংমিস্ত্রি খুন
খুলনার কয়রায় ওষুধ ব্যবসায়ী ও যশোরের অভয়নগর উপজেলায় রংমিস্ত্রি খুন হয়েছেন। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রাম থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ডুমুরিয়া (খুলনা): কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের আকবর আলী শেখ (৭০) গতকাল শুক্রবার ভোরে খুলনা-পাইকগাছা সড়কের পাশে নিজের ওষুধের দোকান থেকে সেহরি খেতে বাড়ি যাচ্ছিলেন। পথে কয়েকজন দুষ্কৃতকারী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।কয়রা থানার পরিদর্শক (তদন্ত) সুবীর দত্ত বলেন, আকবর আলীর মাথায় তিনটি বড় কোপের দাগ আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কামরুল ইসলাম শেখকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অভয়নগর (যশোর): উপজেলার ধুলগ্রামের আলী হোসেন (৫৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধুলগ্রাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি তাঁর মেরুদণ্ডে লাগে। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণে আলী হোসেনকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মঠবাড়িয়া (পিরোজপুর): পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামের হরিমোহন বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস (৩০) ছয় মাস আগে দুবাই থেকে দেশে এসে বিয়ে করেন। স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চলছিল। বিয়ের পর থেকে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। গতকাল ভোরে উত্তমের ভাই গৌতম শৌচাগারের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, অভিমান থেকে উত্তম কুমার আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।