কয়রায় ভাঙনের ঝুঁকিতে ২১ কিমি বেড়িবাঁধ
প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই খুলনার কয়রা উপজেলায় বেড়িবাঁধে ভাঙন ধরে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এ বছরও বর্ষার শুরুতে বাঁধে ভাঙন ধরেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ২১ কিলোমিটার বাঁধ। ফলে আতঙ্কে রয়েছে উপজেলার প্রায় তিন লাখ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পিত আর স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছরই ভাঙনের ঝুঁকির মুখে পড়ে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতিকেই দায়ী করেন অনেকে।
পাউবোর কর্মকর্তারা বলছেন, এ ক্ষেত্রে তাঁদের করার কিছু থাকে না। কারণ ভাঙন না হলে বরাদ্দ পাওয়া যায় না।
জানা গেছে, কয়রায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রয়েছে প্রায় ১৩০ কিলোমিটার। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর গত ছয় বছরে অন্তত কয়েক দফা ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ। ষাটের দশকে নির্মিত এসব বেড়িবাঁধে বড় ধরনের সংস্কার করা হয়নি। আইলার আঘাতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ তিন বছর পর মেরামত করা সম্ভব হলেও নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, এ বছর অত্যন্ত ঝুঁকিতে রয়েছে উপজেলার অন্তত ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ঝুঁকিপূর্ণ এসব বাঁধ ১৩/১৪-১ ও ১৩/১৪-২ নম্বর পোল্ডারের অধীন। গত ৯ মে রাতে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের গাজীপাড়া এলাকায় কপোতাক্ষের বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়। ভেসে যায় চিংড়িঘের। পানি ওঠে ঘরবাড়িতে। এ অবস্থায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করেন। গত কয়েক দিনের বর্ষা ও জোয়ারের পানির চাপে ওই বাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদ ও শাকবাড়িয়া নদীর কিছু অংশে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নদীর প্রবল স্রোতে ঢেউ আছড়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত বাঁধ মেরামত করা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। ইতিমধ্যে বাঁধ সংস্কারের দাবিতে উত্তর বেদকাশি ইউনিয়নের হরিহরপুর, বিনাপানি, গাতিরঘেরি এলাকার বাসিন্দারা স্থানীয় সাংসদের মাধ্যমে পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।
কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামের কপোতাক্ষ নদের বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ গ্রামের লুৎফর রহমান ঢালী বলেন, ‘যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। এর আগেও কয়েকবার বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে এলাকায় লোনা পানি ঢুকলে সব গাছ মরে যায়। মাটির ঘর ভেঙে পড়ে। তখন গরু-ছাগলসহ পশু-পাখি নিয়ে বিপদে পড়তে হয়। বাঁধ ঠিক হলে আবার ঘর ঠিক করে বসবাস শুরু করি। একটু গুছিয়ে উঠতেই দেখা যায় আবার বাঁধ ভেঙে সব শেষ হয়ে গেছে।’
মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের মো. আফসার উদ্দীন মোড়ল বলেন, ভাঙনে এলাকার অধিকাংশ জমি নদীতে চলে গেছে। কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ৪০ দিনের কর্মসূচির আওতায় বাঁধটি কিছুটা সংস্কার করেছেন। কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। যেকোনো সময় ভেঙে যেতে পারে। বাঁধের ব্যাপারে পাউবোকে বহুবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দাবি, বাঁধের কোল ঘেঁষে চিংড়িঘেরের কারণেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। বাঁধ কেটে পাইপ ঢুকিয়ে পানি ওঠানো-নামানোর কারণে বেড়িবাঁধের এ অবস্থা বলে জানান তাঁরা।
পাউবোর কয়রার আমাদী শাখার সেকশন অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, পুরো কয়রা উপজেলা কয়েকটি বড় নদী দিয়ে বেষ্টিত। নদীর এই বাঁধের ২৫টি স্থান অধিক ঝুঁকিপূর্ণ। তবে এর তিনটি স্থান স্থায়ীভাবে সংস্কার করা হয়েছে। আটটি স্থানে কাজ চলছে। ঝুঁকিপূর্ণ অন্যান্য স্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কয়রা উপজেলাটি পড়েছে পাউবোর সাতক্ষীরা জোনে। জানতে চাইলে এ জোনের উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমদ বলেন, চিংড়ি চাষের কারণে কয়রা এলাকার বেড়িবাঁধগুলোর দুপাশেই পানি থাকে। তাই বাঁধ তেমন টেকসই হয় না। যখন বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, তখন তা দেখিয়ে সরকারি সহায়তা পাওয়া যায়। তাই বাঁধ ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত সংস্কার করা সম্ভব হয় না। তবে ওই এলাকায় অবস্থিত দুটি পোল্ডার বিশ্বব্যাংকের ‘কোস্টাল ইমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের’ আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। আর সেটা সম্ভব হলে কয়রাবাসী বাঁধ ভাঙনের সমস্যা থেকে স্থায়ীভাবে রেহাই পাবেন।