কয়রায় সড়ক অবরোধ এএসআইকে পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারের অস্থায়ী ক্যাম্প থেকে পুলিশের এক কর্মকর্তাকে বদলির প্রতিবাদে এলাকাবাসী গতকাল বুধবার খুলনা-কয়রা সড়ক অবরোধ করে। একপর্যায়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ওই কর্মকর্তাকে ক্যাম্পে পুনর্বহালের ঘোষণা দেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ মার্চ বিএনপির আহূত হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টায় কয়রার আমাদী ইউনিয়নের হিন্দুধর্মাবলম্বী রজকপাড়ার (ধোপা) ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া আরও কিছু বাড়িঘরসহ আমাদী বাজারের ২০টিরও অধিক দোকানপাট ভাঙচুর করা হয়। এরপর হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তার স্বার্থে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে প্রধান করে আমাদী বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। সেই থেকে দেলোয়ার হোসেন এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রকৃত দোষী ব্যক্তিদের ধরতে কার্যকর উদ্যোগ নেন। কিন্তু একটি গোষ্ঠী তাঁর কাজে ক্ষুব্ধ হয়ে ঘোষণা দিয়ে তাঁকে বদলির চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে হঠাৎ থানার ওসির নির্দেশে দেলোয়ার হোসেনকে বদলি করে অন্য এক কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়। এ ঘটনা জানার পর এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ জানান এবং বেলা সাড়ে তিনটায় তাঁরা খুলনা-কয়রা সড়ক অবরোধ করেন।আমাদী রজকপাড়ায় হিন্দুবাড়িতে হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী রাজীব ঘোষ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যে অফিসার হিন্দুগে নিরাপত্তার চিষ্টা করেছে, সেই লোকটারে হুট করে সরায়ে নেওয়ার জন্যি আমরা রাস্তায় দাঁড়ায়ে প্রতিবাদ কত্তিছি।’ফজলুর রহমান বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে দেলোয়ারকে বদলি করেছিলাম। কিন্তু জনগণের দাবির মুখে তাঁকে আবার ফেরত পাঠানো হয়েছে।’