কয়রায় ২৭ হাজার পরিবার বাঁধে
খুলনার কয়রা উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার পরিবারের আড়াই লাখ মানুষের জীবন-জীবিকা ধ্বংস করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় আইলা। এই ঝড়ের ১২ মাস পরও উপজেলার ২৭ হাজারের বেশি পরিবার আজও বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়ে আছে।কৃষিকাজ শুরু করা সম্ভব হয়নি। গ্রামের রাস্তাগুলোর প্রায় কোনো অস্তিত্বই নেই। মানুষ চলাচল করে নৌকায়। তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো জোয়ারে প্লাবিত হয়। হাজার হাজার মানুষকে নৌকায় করে বিশুদ্ধ পানি আনতে হয় মাইলের পর মাইল পাড়ি দিয়ে। নেই কোনো সবুজ গাছপালা। বিশাল এলাকা এখনো বিরানভূমি।খুলনার কয়রা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১১৯ কিলোমিটার ভেড়িবাঁধ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সদরসহ ছয়টি ইউনিয়নকে লোনাপানিমুক্ত রেখেছিল। আইলার আঘাতে ১২টি স্থানে ২২ দশমিক ৪০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ভেসে গিয়ে কয়রা, মহারাজপুর, বাগালী, মহেশ্বরীপুর, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন প্লাবিত হয়। পাউবোর আরও প্রায় ৫৮ দশমিক ৬০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আইলা আঘাত হানার পর এক বছর অতিবাহিত হলেও ২৭ হাজার ৩১০টি পরিবার বসবাস করছে কয়রা-খুলনা পাকা সড়কের কয়রা, মহারাজপুর ও বাগালী ইউনিয়নের রাস্তার উভয় পাশে এবং ১, ৪, ৫ ও ৬ নম্বর কয়রা, গিলাবাড়ী, নয়ানী, মহেশ্বরীপুর, চৌকুনী, মঠবাড়ী, হায়াতখালী, পাথরখালী, জোড়শিং, আংটিহারা, চরামুখা গ্রাম এলাকায় পাউবোর উঁচু বাঁধসহ অন্যান্য উঁচু এলাকায়।৪ নম্বর কয়রার রাস্তায় বসবাসকারী নাজু মোল্লা বলেন, ‘বসতভিটা পানির নিচে থাকায় প্রায় এক বছর ধরে রাস্তায় বাস করছি।’পাউবো সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ গত রোববার জানান, ভেড়িবাঁধের ভেসে যাওয়া ১২টি স্থানের মধ্যে ইতিমধ্যে ১১টি স্থান আটকানো সম্ভব হয়েছে। পবনার বাঁধ এখনো মেরামত করা যায়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই মেরামত সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র গতকাল সোমবার প্রথম আলোকে জানান, বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে প্রায় ২৭ হাজার ৩১০টি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫০ শতাংশ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০ কেজি করে চাল পাচ্ছে। বাকি অর্ধেক পরিবারের জন্য চাল চাওয়া হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, ওই ছয়টি ইউনিয়ন লবণপানিতে ডুবে থাকায় কৃষিকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল আলম জানান, আইলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি রেজি. প্রাথমিক বিদ্যালয় ও প্রাতপস্মরণী মাধ্যমিক বিদ্যালয় পুরোপুরি ভেসে গেছে। এই বিদ্যালয়গুলোর পাঠদান চলছে পাশের রাস্তার ওপর।স্থানীয় সাংসদ সোহরাব আলী সানা বলেন, ‘বাঁধের ভাঙনকবলিত বাকি স্থানটি দু-এক দিনের মধ্যে আটকানো সম্ভব হবে বলে আশা করি।’ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকার পরিবারপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা এবং দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে। এলাকা পানিমুক্ত করার পরপরই এগুলো বিতরণ করা হবে।