ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে এক মাসের বেশি সময় ধরে কয়লা আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বন্দর দুটির ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন উপজেলার ইটভাটার মালিকেরা৷
ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠন সে দেশের আদালতে রিট করায় এবং রাজ্য সরকারের প্রস্তাবিত একাধিক শর্ত পূরণ না করায় ভারতীয় ব্যবসায়ীরা কয়লা রপ্তানি করতে পারছেন না বলে জানান দুটি বন্দরের ব্যবসায়ীরা।
সরেজমিনে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে দেখা যায়, পুরো বন্দর এলাকা খাঁ খাঁ করছে। কাজ না থাকায় কয়েকজন শ্রমিক চায়ের দোকানে অলস সময় পার করছেন। ব্যবসায়ীদের কার্যালয়গুলোও তালাবদ্ধ।
বন্দর দুটির কয়েকজন শ্রমিক ও রাজস্ব কর্মকর্তা জানান, শুকনো মৌসুমে ১৫ নভেম্বর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুটি বন্দরে ভারতীয় কয়লা আসে। কিন্তু এ বছর মৌসুম শুরু হওয়ার এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে কয়লা রপ্তানি করছেন না। এতে ক্ষতির মুখে পড়েছেন দুটি বন্দরের সাত শতাধিক ব্যবসায়ী ও দুই হাজারের বেশি শ্রমিক।
সিরাজুল ইসমলাম নামের একজন শ্রমিক বলেন, বছরের ছয় মাসের রোজগার দিয়ে সারা বছর পরিবারের ভরণপোষণ চলে। কিন্তু এ মৌসুমে কাজ পাচ্ছেন না। অনেক শ্রমিক কাজের আশায় উত্তরবঙ্গের কয়লা বন্দরে যাচ্ছেন।
ময়মনসিংহের বিভিন্ন উপজেলার কয়েকজন ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়লার অভাবে জেলার ১৩টি উপজেলার বেশির ভাগ ভাটায় এখনো ইট পোড়ানো শুরু হয়নি। এদিকে দূর থেকে কয়লা এনে ক্ষুদ্র পরিসরে ইট পোড়ানো শুরু করলেও এতে ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।
গৌরীপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, হালুয়াঘাট থেকে কয়লা নিলে টনপ্রতি খরচ পড়ে ৮–১০ হাজার টাকা। উত্তরবঙ্গ থেকে কয়লা আনলে টনপ্রতি খরচ প্রায় ২৫ হাজার টাকা। ন্যায্য দামে কয়লা পাওয়ার দাবিতে তাই গত রোববার এ উপজেলার ইটভাটার মালিক ও শ্রমিকেরা মানববন্ধন করেন।
কড়ইতলী বন্দরের ব্যবসায়ী সমিতির সভাপতি সুরুজ মিয়া বলেন, ১৮ ডিসেম্বর দুটি বন্দরের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মেঘালয়ে গিয়ে ভারতীয় রপ্তানিকারক ও মেঘালয় রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাঁরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও কবে নাগাদ কয়লা আসবে সেটি নিশ্চিত নয়।
কড়ইতলী স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা অমর কুমার প্রমাণিক ও গোবরাকুড়া বন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত অর্থবছরের দুটি বন্দর থেকে ১১০ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এ বছর কয়লা না আসায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে।