সরকার দেশের খনি থেকে কয়লা উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাক্ষেত্রের উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতির খনি উন্নয়নের লক্ষ্যে পানি ব্যবস্থাপনা বিষয়ে জরিপ চালানো হচ্ছে। এরপর জরিপ শুরু করা হয়েছে একই জেলার দীঘিপাড়া কয়লাখনিটি উন্নয়নের লক্ষ্যে।
দীঘিপাড়া কয়লাক্ষেত্রটি ১৯৯৫ সালে আবিষ্কৃত হয়। ক্ষেত্রটির প্রমাণিত মজুত ৬০ কোটি মেট্রিক টন। ক্ষেত্রটিতে স্থানভেদে সর্বনিম্ন ৩২৮ মিটার থেকে সর্বোচ্চ ৪৫৫ মিটার গভীরতায় কয়লার অবস্থান। উন্মুক্ত পদ্ধতির খনি করার জন্য এই গভীরতাকে আদর্শ হিসেবে গণ্য করা হয় বলে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন।
ক্ষেত্রটির বিস্তার ও ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়ার জন্য সম্প্রতি সেখানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হয়েছে। এখন আরও কিছু কার্যক্রম নেওয়া হচ্ছে বলে পেট্রোবাংলার সূত্র জানায়। দেশের পাঁচটি কয়লাক্ষেত্রের মধ্যে দীঘিপাড়া ক্ষেত্রটি উন্নয়নের জন্য সরকার এটি পেট্রোবাংলার হাতে ন্যস্ত করেছে। পেট্রোবাংলাই বর্তমান কার্যক্রম চালাচ্ছে এবং তারাই খনিটির উন্নয়নকাজ পরিচালনা করবে।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, কয়লা কোন পদ্ধতিতে উত্তোলন করা হবে, ভূগর্ভস্থ নাকি উন্মুক্ত তা নির্ভর করবে ক্ষেত্রটির সার্বিক ভূতাত্ত্বিক অবস্থার ওপর। এখনই সে কথা বলার সময় আসেনি। তিনি বলেন, দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের পর এখন ক্ষেত্রটিতে ‘বোর হোল’ পদ্ধতিতে (ভূগর্ভে পাইপ ঢুকিয়ে) কয়লাস্তরের
পুরুত্ব ও ভূতাত্ত্বিক নানা বিষয় পরীক্ষা করা হবে। প্রকল্প প্রস্তাব তৈরির পর্যায় আসবে এসব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করার পর।
জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র ও কয়েকজন জ্বালানি বিশেষজ্ঞ বলেন, দীঘিপাড়া কয়লাক্ষেত্রে মজুত ৬০ কোটি টন কয়লার তাপ উৎপন্ন করার ক্ষমতা প্রায় ১৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের সমান। উন্মুক্ত পদ্ধতিতে তোলা হলে এর অন্তত ৯০ শতাংশ কয়লা সম্ভব হবে। সেই কয়লা দিয়ে প্রায় ৪০ বছর ধরে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এগুলো হচ্ছে রংপুরের খালাসপীর, দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দীঘিপাড়া এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র। এই পাঁচটি ক্ষেত্রে মোট ৩৩০ কোটি টন কয়লার মজুত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বড়পুকুরিয়ায় ১১৮ থেকে ৫০৯ মিটার গভীরতায় রয়েছে ৩৯ কোটি টন কয়লা। দীঘিপাড়া ক্ষেত্রে রয়েছে ৬০ কোটি টন। ফুলবাড়ী কয়লাখনিতে রয়েছে ১৪১ থেকে ২৭০ মিটার গভীরতায় প্রায় ৫৭ কোটি টন কয়লা। খালাসপীরে ২২২ থেকে ৫১৬ মিটার গভীরতায় রয়েছে প্রায় ৬৯ কোটি টন। আর জামালগঞ্জে ৬৪০ থেকে এক হাজার ১৫৮ মিটার গভীরতায় কয়লা রয়েছে প্রায় ১০৫ কোটি টন।
এর মধ্যে বেশি গভীরতার কারণে জামালগঞ্জের কয়লা ভূগর্ভস্থ কিংবা উন্মুক্ত কোনো পদ্ধতিতেই বাণিজ্যিক ভিত্তিতে তোলা সম্ভব নয়। তবে ‘কোল গ্যাসিফিকেশন’ (খনির মধ্যে কয়লায় নিয়ন্ত্রিত পদ্ধতিতে আগুন জ্বালিয়ে তা থেকে উৎসারিত গ্যাস সংগ্রহ করা) পদ্ধতির কথা অনেক বিশেষজ্ঞ বলেন। কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কোথাও এই পদ্ধতি বাণিজ্যিক ভিত্তিতে চালু হয়নি। তাই আপাতত জামালগঞ্জ ক্ষেত্রটি হিসাবের বাইরে রাখলেও অন্য চারটি ক্ষেত্রে প্রায় ২০০ কোটি টন কয়লার মজুত রয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে এর অন্তত ৯০ শতাংশ কয়লা তোলা সম্ভব। ওই কয়লা দিয়ে ৪০ বছর ধরে প্রায় ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
সূত্র আরও জানায়, ভূগর্ভস্থ পদ্ধতিতে তোলা হলে সর্বোচ্চ ২০ শতাংশ কয়লা তোলা সম্ভব। সেই কয়লা দিয়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে আট-নয় বছর। তবে উন্মুক্ত পদ্ধতির খনি করা হলে অন্তত ২০ বছরের জন্য খনি এলাকার কৃষিজমি ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের স্থানান্তর ও পুনর্বাসন করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা হুমকির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। তবে উন্মুক্ত পদ্ধতিতে অনেক বেশি কয়লা তোলা সম্ভব হওয়ায় আর্থিকভাবে তা এত বেশি লাভজনক যে পুনর্বাসন, পরিবেশ সংরক্ষণসহ যাবতীয় ব্যয় মিটিয়েও বিপুল অেঙ্কর সম্পদ লাভ করা যাবে।
এদিকে ভূগর্ভস্থ পদ্ধতিতে খনি থেকে কয়লা তোলা হলে ভূমিধস হবে। সংখ্যায় কিছু কম হলেও স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন করতে হবে। ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।