কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতি দ্রুত কয়লানীতি করে ভূগর্ভস্থ কয়লা উত্তোলন এবং এই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা মেটানোর পরামর্শ দিয়েছেন মহাজোটের সাংসদেরা। জাতীয় সংসদে গতকাল রোববার ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এই পরামর্শ দেন।এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার শওকত আলী। বিরোধী দল গতকালও সংসদে অনুপস্থিত ছিল। আলোচনায় প্রথমে অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘কিছু পরিবেশবাদী আছেন, যাঁরা কয়লা তুলতে গেলেই বলেন পরিবেশ নষ্ট হবে। কিন্তু পরিবেশ বড় কথা নয়, জনগণের চাহিদা মেটাতে হবে। আর পরিবেশ তো এক এলাকার, সারা দেশের পরিবেশ তো আর নয়।’ তিনি বলেন, ‘সরকারকে বলব, অতি দ্রুত কয়লানীতি করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ফুলবাড়িয়ার কয়লা দিয়ে সাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তিনি দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লায় উত্তরবঙ্গের জ্বালানি শক্তি নিশ্চিত করার দাবি জানান। জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমদ বলেন, কয়লা তুলে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে হবে। পল্লী বিদ্যুৎ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, প্রস্তাবিত বাজেট সব দিক দিয়ে সুষম। তিনি তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্প এবং এর ফলে দেশের বিভিন্ন এলাকায় কী ধরনের উন্নতি হবে তা তুলে ধরেন।বজলুল হক এবারের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বলে উল্লেখ করেন। তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) বাজার উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে এসইসিকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তিনি। তিনি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার তাগিদ দেন।তারানা হালিম বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মধ্যস্বত্বভোগীরা যাতে এই অর্থ লুটপাট করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন, গবেষকেরা পাটের জীবনরহস্য উদ্ভাবন করে প্রমাণ করেছেন তাঁরা সফল। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানসিকতা দেখিয়েছেন, বিরোধী দলের নেতা কি পারতেন না, ভোলার নির্বাচনের পর একই মানসিকতা দেখাতে?