কয়লা উত্তোলনে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সমস্যার সমাধানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোনো বিকল্প নেই। তবে উন্মুক্ত, নাকি ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা হবে, সে বিষয়ে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘কয়লা উন্নয়নের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ আলোচকেরা এ কথা বলেন। পাওয়ার অ্যান্ড এনার্জি আয়োজিত সভায় উন্মুক্ত নাকি ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা হবে, তা নিয়ে আলোচকেরা ভিন্ন ভিন্ন মত দেন। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশীয় কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সময় লাগবে। সে জন্য আপাতত আমদানিনির্ভর কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বড়পুকুরিয়া এবং ফুলবাড়ী কয়লাখনির ব্যাপারে তিনি বলেন, সরকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোনো বিকল্প নেই।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কয়লাখনি বিশেষজ্ঞ অজয় কে ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি সমস্যা আছে। সে জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিই লাভজনক হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম বলেন, যে দল ক্ষমতায় যায়, সে দলই বলে উন্মুক্ত পদ্ধতিতে করা হবে। আবার সেই দলই বিরোধী দলে গিয়ে বলে উন্মুক্ত পদ্ধতিতে হবে না। অর্থাৎ ফুলবাড়ী একটি ফুটবল। রাজনৈতিক দল এটা নিয়ে খেলা করে।জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশের পরিচালক নেহাল উদ্দিন বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা সরকারের জন্য বেশি লাভজনক হবে। কিন্তু তার আগে এর কারিগরি, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। ব্যবসায়ী নেতা আনিসুল হক বলেন, গত তিন বছর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র না থাকলে দেশের অর্থনীতিতে ১০ রিখটার স্কেলে অর্থনৈতিক ভূমিকম্প হতো। সুতরাং, এখন যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ দরকার। সে জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দরকার। এতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সরকার অন্যত্র জমি অধিগ্রহণ করে, তাদের সেখানে পুনর্বাসন করতে পারে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, প্রতিনিয়ত বিদ্যুতে ভর্তুকি দিয়ে দেশ চালানো যাবে না। এই অবস্থা থেকে নিস্তার পেতে হলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প নেই। পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল এ এলাহী সরকারের কয়লানীতির সমালোচনা করে বলেন, ‘যারা কাঠ কয়লা এবং খনিজ কয়লার পার্থক্য বোঝে না, তাদের দিয়ে কয়লানীতি প্রণয়ন করা হয়েছে। বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হয়নি।’পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, কয়লা তুললে যদি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়, তবে কেন তোলা হবে না। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বড়পুকুরিয়া এবং ফুলবাড়ী এলাকার পরিবেশ উন্মুক্ত পদ্ধতিতে খননের জন্য অনুকূল নয়। আফগান সরকারের জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফী বলেন, বড়পুকুরিয়া এবং ফুলবাড়ী কয়লাখনির জন্য উন্মুক্ত পদ্ধতিই আদর্শিক।পাওয়ার অ্যান্ড এনার্জির সম্পাদক মোল্লা আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক ইউনুস আখন্দ, কয়লানীতি প্রণয়ন কমিটির সদস্য বেণু গোপাল দে ও মনোয়ার হোসেন, পেট্রোবাংলার পরিচালক মইনুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মুশফিকুর রহমান প্রমুখ।