কয়লা গায়েব: খনির সাবেক তিন এমডিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) সাবেক তিনজন ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সামছুল আলম তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা হলেন প্রকৌশলী খুরশীদুল হাসান, আমিনুজ্জামান ও মিজানুর রহমান। তবে আরেক এমডি প্রকৌশলী কামরুজ্জামানকে তলব করা হলেও তিনি হাজির হননি।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার বিসিএমসিএলের মহাব্যবস্থাপক (সারফেস অপারেশন) সাইফুল ইসলাম সরকারকে এবং ১ আগস্ট সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেবকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।
একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পেট্রোবাংলার ৩২ কর্মকর্তাকেও তলব করেছে দুদক। তাদের চলতি মাসের বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করবে বলে সংস্থাটি জানিয়েছে।
কয়লা লোপাটের ঘটনায় গত ২৭ জুলাই রাত ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৯ জন আসামির বিরুদ্ধে খনির ১ লাখ ৪৫ হাজার টন কয়লা গায়েবের অভিযোগ আনা হয়, যার তদন্তের ভার পড়ে দুদকে ওপর।
এরই ধারাবাহিকতায় মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ জন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেয় দুদক।
এর আগে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কাগজে-কলমে বেশি কয়লার মজুত দেখিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খতিয়ে দেখতে ২৩ জুলাই তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছিল দুদক।
দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, ২০০৫ সালে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। দীর্ঘ ১৩ বছরে কয়লা উত্তোলন হয়েছে ১ কোটি ২০ লাখ টন। বর্তমানে কোল ইয়ার্ডে কয়লার মজুত থাকার কথা ১ লাখ ৩০ হাজার টন। কিন্তু বাস্তবে কয়লার মজুত পাওয়া গেছে ১৪ হাজার টনের মতো। ১ লাখ ১৬ হাজার টনের মতো কয়লার কোনো হদিস নেই, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, দীর্ঘদিন থেকে একটি চক্র চুরি করে খোলা বাজারে এসব কয়লা বিক্রি করে দিয়েছে।