বিদ্যুৎকেন্দ্র পূর্ণ ক্ষমতায় চলে না বলে কয়লা নেয় চাহিদার অনেক কম
কয়লা নিয়ে বিপাকে পড়েছে বড়পুকুরিয়া খনি কোম্পানি
নিজেদের উৎপাদিত কয়লা নিয়ে বিপাকে পড়েছে বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি (বিসিএমসিএল)। কারণ তাদের প্রধান ক্রেতা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের অবস্থা খুবই শোচনীয়। তাই কয়লা নিতে পারছে না। ফলে প্রায় দুই লাখ টন কয়লা বিপজ্জনকভাবে স্তূপাকারে জমিয়ে রাখা হয়েছে।দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রটি (প্রতিটি ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট) কখনোই পূর্ণ ক্ষমতায় চলেনি। অথচ ওই কেন্দ্রটি চালানোর জন্যই কয়লাখনির উৎপাদনক্ষমতা দৈনিক তিন হাজার টনে নির্ধারণ করা হয়।বিদ্যুৎকেন্দ্রটিতে এখনো গড় উৎপাদন ১০০ মেগাওয়াটের নিচে। তাই বিদ্যুৎকেন্দ্রটির প্রতিদিন প্রায় তিন হাজার টন কয়লা ব্যবহারের কথা থাকলেও প্রকৃত ব্যবহার অর্ধেকেরও কম। অথচ কয়লাখনির উৎপাদন প্রতিদিন গড়ে আড়াই হাজার টনের কম নয়।এর মধ্যে গত বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রটি কয়লা নিয়েছে ৪০০ টনেরও কম করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, কেন্দ্রটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে রাখায় ওই অবস্থার সৃষ্টি হয়েছিল। অবশ্য এ রকম ত্রুটি কেন্দ্রটিতে প্রায়ই দেখা দেয়। তা সারিয়ে তোলার পরও উৎপাদন ১০০ মেগাওয়াটের ওপরে ওঠে খুব কম সময়ই।সরকার বড়পুকুরিয়ায় ১২৫ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা করে রেখেছে অন্তত পাঁচ বছর আগে। কিন্তু সেটি স্থাপনে তেমন কোনো অগ্রগতি এখনো হয়নি।এ অবস্থায় প্রতিদিনই জমা হওয়া কয়লার পরিমাণ বাড়ে। বর্তমানে তা প্রায় দুই লাখ টনে দাঁড়িয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিসিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎকেন্দ্র চাহিদা অনুযায়ী না নেওয়ায় কয়লা জমে গিয়েছিল প্রায় আড়াই লাখ টন। এর মধ্যে নতুন পর্যায়ের উৎপাদন শুরুর প্রস্তুতি পর্বে কয়লা উত্তোলন কিছুদিন বন্ধ থাকায় জমানো কয়লা থেকে প্রায় ৫০ হাজার টন ব্যবহার করা হয়েছে। বর্তমানে প্রতিদিন কয়লা উৎপাদন করা হচ্ছে গড়ে দুই হাজার টনের বেশি। উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে। কিন্তু বিদ্যুৎকেন্দ্রে কয়লার ব্যবহার বাড়ছে না। ফলে বাড়তি কয়লা ইটভাটার মালিকদের কাছে দরপত্রের মাধ্যমে বিক্রি করে দিতে হবে। কারণ কয়লা অনেক দিন ধরে স্তূপাকারে রাখা হলে তাতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে কয়লার স্তূপে নিয়মিত পানি ছিটাতে হয়। কিন্তু স্তূপ অনেক বড় হলে পানি ছিটিয়ে নিরাপত্তা রক্ষাও কঠিন হয়ে পড়ে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বড়পুকুরিয়া খনির কয়লার মান এত উন্নত যে, ওই কয়লা পৃথিবীর কোনো দেশ বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবেও ব্যবহার করে না। কিন্তু এখানে তা ইটভাটায়ও ব্যবহার করা হচ্ছে। এটা জ্বালানিসম্পদের অপব্যবহার।