কয়লা নেই, তাই বন্ধ ইট পোড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লার তীব্র সংকটে নোয়াখালীর বেশির ভাগ ইটভাটা বন্ধের পথে। ভাটাগুলোয় লাখ লাখ ইট প্রস্তুত করে রাখা হলেও কয়লার অভাবে তা পোড়াতে পারছেন না মালিকেরা। এ পরিস্থিতিতে তাঁরা গতকাল রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
গত কয়েক দিন জেলার বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বেশ কয়েকটি ইটভাটা ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি ভাটায় সারি সারি ইটের স্তূপ। কয়লার অভাবে ভাটায় আগুন জ্বালাতে পারছেন না মালিকেরা। কিছু কিছু ভাটার মালিক আগে মজুত করা কয়লা দিয়ে ইট পোড়ানো শুরু করলেও সেগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ইটভাটার কয়েকজন মালিক বলেন, অন্যান্য বছর ভারতের মেঘালয় রাজ্য থেকে হাজার হাজার টন কয়লা আমদানি করা হতো। কিন্তু এবার ভারতীয় রপ্তানিকারকেরা বারবার তারিখ দিয়েও কয়লা রপ্তানি শুরু করেননি। এরই মধ্যে মৌসুমের অনেকটা সময় পেরিয়ে গেছে। এ অবস্থায় সংকটে পড়েছে দেশের ইটভাটাগুলো।
সদর উপজেলার উত্তর ওয়াপদা এলাকার নিহা ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবস্থাপক আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে আগে মজুত করা অল্প পরিমাণ কয়লা ছিল। সেই কয়লাও প্রায় শেষ। এ অবস্থায় তাঁদের ভাটা বন্ধ হওয়ার পথে।
এই ভাটার শ্রমিক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রুহুল আমিন বলেন, কয়লার অভাবে ইটভাটা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা হতে পারে। কারণ, বেশির ভাগ শ্রমিকই অগ্রিম টাকা নিয়ে ভাটায় কাজ করতে এসেছেন। এ অবস্থায় ভাটা চালু না হলে শ্রমিকেরাও বিপাকে পড়বেন।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, জেলার মৌসুমি ইটভাটাগুলোয় প্রতিবছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ইট পোড়ানো শুরু হয়। কিন্তু এবার কয়লার অভাবে তা সম্ভব হচ্ছে না।
আফতাব উদ্দিন আরও বলেন, নোয়াখালীতে ৮০টির মতো ইটভাটা আছে। এসব ভাটা বন্ধ হলে মালিকপক্ষ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি শ্রমিকেরাও বেকার হয়ে পড়বেন। এ অবস্থায় সরকার জরুরি ভিত্তিতে কয়লা আমদানির উদ্যোগ না নিলে উৎপাদনঘাটতির কারণে উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হবে।