কয়লা রপ্তানি ও ইজারা বাতিলের দাবি করেছে জাতীয় কমিটি
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না। কয়লা রপ্তানি ও বিদেশিদের কাছে কয়লাখনি ইজারা দেওয়ার বিধান বাতিল করে কয়লানীতি প্রণয়ন করতে হবে। গতকাল বুধবার রাজধানীর মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা এসব দাবি জানান। সরকারের প্রস্তাবিত কয়লানীতির সমালোচনা করে কমিটির নেতারা বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে করা কয়লানীতির পরিবর্তিত সংস্করণ হচ্ছে বর্তমান নীতি। এতে প্রয়োজনে কয়লা রপ্তানি ও অভ্যন্তরীণ প্রয়োজনে কয়লা উত্তোলনের কথা বলা হয়েছে। এই দুটি বক্তব্য পরস্পর বিরোধী। এর মাধ্যমে কয়লা রপ্তানির সুযোগ রাখা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। তাঁরা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নীতিতে রফতানি নিষিদ্ধ করার সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। দেশের জ্বালানি সম্পদে জনগণের শতভাগ মালিকানাও নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নীতিমালায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, দেশি-বিদেশি যৌথ বিনিয়োগ এবং ইজারাব্যবস্থাসহ বিভিন্ন ধরনের অংশীদারির কথা বলা হয়েছে। কিন্তু অতীতে বিভিন্ন বহুজাতিক কোম্পানির সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে, তার অভিজ্ঞতা সুখকর নয়। এই ধরনের জনস্বার্থবিরোধী নীতি জাতীয় কমিটি প্রতিহত করবে বলে নেতারা বলেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, বিচারপতি গোলাম রাব্বানী, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি।