কয়লাখনির গ্যাসে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার জামালগঞ্জ কয়লাখনি থেকে মিথেন গ্যাস তুলে বিদ্যুৎ উৎপাদন বা অন্য কোনো বাণিজ্যিক জ্বালানি হিসেবে ব্যবহারের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। ওই খনিতে কী পরিমাণ গ্যাস আছে এবং এর কতটা উত্তোলনযোগ্য তা খতিয়ে দেখতে কাজ করছে একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান।
বিশেষজ্ঞরা বলেছেন, কয়লাখনিতে প্রাকৃতিকভাবেই প্রচুর গ্যাস জমা হয়। এগুলো সাধারণত মিথেন গ্যাস। কূপ খনন করে বিশেষ প্রক্রিয়ায় খনি থেকে ওই গ্যাস তোলার পদ্ধতি হচ্ছে ‘কোল বেড মিথেন’ সংক্ষেপে সিবিএম। কয়লাসমৃদ্ধ দেশগুলো এই পদ্ধতিতে গ্যাস তুলে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। তাঁরা জানান, সিবিএম বেশি করছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, চীন, ভারতসহ অনেক দেশেই সিবিএম পদ্ধতি চালু আছে। ভারতের ৩৩টি কয়লা ব্লক উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় দেশি-বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে এই পদ্ধতিতে গ্যাস তুলতে।
বাংলাদেশে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হলো। অবশ্য বিশেষজ্ঞ, পরিবেশবাদীরা ও সুশীল সমাজ বেশ আগে থেকেই সিবিএম পদ্ধতি নেওয়ার কথা বলছে।
জামালগঞ্জ কয়লাখনি থেকে গ্যাস আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ভারতের পরামর্শক প্রতিষ্ঠান ‘মাইনিং অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড’। গত ২১ জুন এই প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার চুক্তি হয়। ২২ জুলাই থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। সেখানে ‘প্রজেক্ট মনিটরিং কনসালট্যান্ট’ হিসেবে কাজ করছেন বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক।
মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, খনিটিতে গ্যাসের সম্ভাব্য পরিমাণ ও খনির অভ্যন্তরে গ্যাস চলাচলের ব্যবস্থা খতিয়ে দেখতে তাঁরা তিনটি কূপ খনন করবেন। কূপগুলো থেকে তোলা কয়লা ও গ্যাস খনিমুখেই পরীক্ষা করে দেখতে হবে। সে জন্য সেখানেই প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ভ্রাম্যমাণ ও অস্থায়ী পরীক্ষাগার (ল্যাবরেটরি) নিয়ে যেতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে তাঁদের মাঠপর্যায়ের কাজ শেষ হতে পারে।
জাতিসংঘ-সমর্থিত কয়লা অনুসন্ধান কর্মসূচির আওতায় ১৯৬২ সালে জামালগঞ্জ কয়লাখনি আবিষ্কৃত হয়। দেশে এ পর্যন্ত আবিষ্কৃত পাঁচটি কয়লাখনির মধ্যে এটি সবচেয়ে বড় এবং এখানকার কয়লার অবস্থান সবচেয়ে গভীরে। পাঁচটি খনিতে মোট কয়লার পরিমাণ প্রায় ৩০০ কোটি মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১০০ কোটি টনই হচ্ছে জামালগঞ্জে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, দেশের অন্য খনিগুলোতে কয়লার অবস্থান যেখানে ১৫০ থেকে ৫০০ মিটার গভীরতার মধ্যে, সেখানে জামালগঞ্জে কয়লার অবস্থান ৬৪০ থেকে ১ হাজার ১৫৮ মিটার গভীরে। এ কারণে প্রচলিত সুড়ঙ্গ কিংবা উন্মুক্ত পদ্ধতির কোনোটিতেই এত গভীর থেকে কয়লা তোলা কারিগরি ও বাণিজ্যিকভাবে লাভজনক নয়। তাই সেখানে সিবিএম পদ্ধতি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামালগঞ্জ খনি থেকে সিবিএমপদ্ধতিতে গ্যাস তোলার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম প্রথম আলোকে বলেন, এটি খুবই ইতিবাচক উদ্যোগ। তাঁরা অন্তত ১০ বছর আগে থেকে এই উদ্যোগ নিতে বলে আসছেন। জামালগঞ্জ খনিতে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট। তিনি বলেন, সব কয়লাখনিতেই কম-বেশি গ্যাস থাকে। গ্যাস কম-বেশি থাকা নির্ভর করে কতগুলো বিষয়ের ওপর। এর মধ্যে খনির গভীরতা ৫০০ মিটার থেকে ১ হাজার মিটারের মধ্যে হলে, খনিতে ‘হাই ভোলাটাইল বিটুমিনাস’ কয়লা থাকলে এবং খনির অভ্যন্তরে কয়লার স্তর বেশি পুরু হলে বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকে।
বদরুল ইমাম বলেন, জামালগঞ্জ খনির গভীরতা ও কয়লার মান বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনারই ইঙ্গিত দেয়। তা ছাড়া খনিটিতে কয়লার সাতটি স্তর রয়েছে। এর মধ্যে তিনটি অত্যন্ত পুরু, যার একটি ৪০ মিটারেরও বেশি পুরু। এগুলো সবই বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য গ্যাস থাকার অনুকূল।
১৯৯০-এর দশকে জার্মান প্রতিষ্ঠান বিএইচপি মিনারেল জামালগঞ্জ খনিতে গ্যাসের অবস্থানের বিষয়ে কিছু পরীক্ষা চালিয়েছিল। এর ফল বিশ্লেষণ করে বিএইচপি বলেছিল, এই খনিতে ছোট থেকে মাঝারি আকারের একটি গ্যাস ক্ষেত্রের সমপরিমাণ গ্যাস থাকার সম্ভাবনা আছে।
অধ্যাপক বদরুল ইমাম বলেন, সত্যিই যদি তেমন হয় তাহলে সেই গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র ভালোভাবেই ২০ বছর চালানো যাবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকার খনিগুলো থেকে কয়লা উত্তোলন বাড়াতে চায়। সেই লক্ষ্যে পর্যায়ক্রমে সব খনি নিয়েই কাজ শুরু করবে। যে খনির জন্য যে পদ্ধতি ও প্রযুক্তি যথাযথ বলে বিবেচিত হবে সেই খনি সে পদ্ধতিতে (সুড়ঙ্গ, উন্মুক্ত, সিবিএম প্রভৃতি) উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বাড়াতে ইতিমধ্যে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। ফুলবাড়ী খনি এলাকায় সরকারিভাবে সমীক্ষা চালিয়ে একটি তথ্যভান্ডার তৈরির জন্য ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে (জিএসবি) দায়িত্ব দেওয়া হয়েছে। জামালগঞ্জ খনিতে কয়লার অবস্থান বেশি গভীরে হওয়ায় সেখান থেকে আপাতত মিথেন গ্যাস তুলে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। এরপর রংপুরের দীঘিপাড়া ও খালাসপীর খনি দুটিতেও কিছু কার্যক্রম শুরুর সিদ্ধান্ত সরকারের রয়েছে।
সূত্র আরও বলেন, ‘আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন (ইউসিজি) ’ নামে আরও একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে খনির অভ্যন্তরে কয়লায় নিয়ন্ত্রিত পদ্ধতিতে আগুন ধরিয়ে গ্যাস সৃষ্টি করে তা উত্তোলন করে ব্যবহার করার কথা। তবে এই পদ্ধতি এখনো পরীক্ষামূলক পর্যায়ের প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষ কিছু সমস্যা থাকায় অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে এই পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগও বন্ধ রাখা হয়েছে।