কয়লাখনির পানিতে বিপন্ন আশুরা বিলের মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনির দূষিত পানি এসে পড়ায় দিনাজপুরের ঐতিহাসিক আশুরা বিলের মৎস্যসম্পদসহ এলাকার প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হয়ে যাচ্ছে। আশুরা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম জানান, ২০০০ সাল থেকে বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা তোলা শুরু হয়েছে। তখন থেকেই খনির হাজার হাজার টন কয়লা মেশানো বিষাক্ত পানি এ বিলের পানিতে এসে মিশছে। এরপর থেকে বিলে মাছের শরীরে ঘা হচ্ছে। অনেক মাছ মরে যাচ্ছে। কিছু প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। আশপাশের গ্রামের মানুষ বিলের পানি গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। কিন্তু তিন বছর ধরে পানিতে নামলে শরীরে চুলকানি হচ্ছে। হরিপুর গ্রামের মৎস্যজীবী রফিকুল ইসলাম, সাদেকুল আলমসহ কয়েকজন জানান, কয়লাখনি থেকে পানি বিলে এসে পড়ায় মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। পানি শুকানোর পর বিলপারের জমিতে ধান, গম, সবজিসহ নানা ফসলের উৎপাদনও কমে গেছে। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিরামপুর উপজেলার খানপুর ও গোলাপগঞ্জ, নবাবগঞ্জ উপজেলার জয়পুর এবং ফুলবাড়ী উপজেলার পত্নীচান গ্রামের বিশাল এলাকাজুড়ে রয়েছে আশুরা বিল। বিলের দক্ষিণ পাশে পূর্ব-পশ্চিম এলাকাজুড়ে রয়েছে বিশাল শালবাগান। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কালো পানি বের করে বাইরে ফেলা হচ্ছে। একাধিক নালা দিয়ে সেই পানি বের হয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় থিতানো হচ্ছে। নিচে কাদার মতো কয়লার ছাই থিতানোর পর ওপরের পানির রং হচ্ছে খয়েরি। প্রতিদিন এই খয়েরি রঙের পানি নালা দিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ বেয়ে আশুরা বিলে গিয়ে পড়ছে। এ কারণে বিলের পানিও অনেকটা খয়েরি হয়ে গেছে।দিনাজপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলার বিরামপুর, আশুরা বিলের মোট আয়তন ২৫১ হেক্টর। বিলের ২০ একর জায়গাজুড়ে রয়েছে মৎস্য অভয়াশ্রম। এটি জেলার সবচেয়ে বড় দেশি প্রজাতির মাছ উৎপাদন ক্ষেত্র। বোয়াল, গজার, রুই, কাতলা, মৃগেল, শোল, আইড়, শিং, মাগুর, কৈ, পাবদা, টেংরাসহ অসংখ্য দেশি জাতের মাছ পাওয়া যায় এ বিলে। বিলের তালিকাভুক্ত মৎস্যজীবী পরিবার ৬০৪টি। নবাবগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বেসরকারি উদ্যান স্বপ্নপুরীর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন জানান, আশুরার বিলে দেশীয় জাতের মাছ ছাড়াও শাপলা, শালুক, পদ্মসহ বিভিন্ন ধরনের জলজ ফুল-ফল জন্মে। হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে এ বিল। কিন্তু বর্তমানে বিলের অস্তিত্ব নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, কয়লাখনির পানি নিঃসরণের গতিপথ পরিবর্তন করা না হলে অচিরেই আশুরার বিলের কোনো মাছই বাঁচবে না।জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস জানান, আশুরার বিলের নানা প্রজাতির দেশি মাছ দিনাজপুরের গর্ব। কয়লাখনির বিষাক্ত পানি যেভাবে বিলে এসে পড়ছে, তাতে মৎস্য সম্পদ তো দূরের কথা, গাছপালা, জীব-জন্তু ও পাখির বসবাসও হুমকির মুখে পড়েছে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। শিগগিরই এ ব্যাপারে খোঁজ নেব।’