বিতর্কিত ব্রিটিশ কোম্পানি জিসিএম বলেছে, বাংলাদেশ সরকার গত ছয় মাসে জ্বালানি খাতে পরিবর্তন এনে কয়লানির্ভর বিদ্যুৎ প্রকল্পের দিকে ঝুঁকতে শুরু করেছে। একই সঙ্গে কোম্পানিটি দাবি করেছে, ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প এলাকা এবং আশপাশে বাসিন্দাদের
মধ্যে কয়লা তোলার পক্ষে সমর্থন বাড়ছে।
গতকাল শুক্রবার লন্ডনে প্রকাশিত কোম্পানির অর্ধবার্ষিক আর্থিক বিবরণীতে এসব কথা বলা হয়। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে তার আগের ছয়
মাসের হিসাব বিবরণীতে বলা হয়, একটি স্বাধীন জরিপে এ সমর্থন বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসের মধ্যে জরিপটি পরিচালিত
হওয়ার কথা বলা হলেও এতে জরিপের বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি।
জিসিএমের নতুন চেয়ারম্যান মাইকেল ট্যাং তাঁর বিবৃতিতে বলেন, গত ছয় মাসে বাংলাদেশের সরকার দেশটির জ্বালানি খাতে ভারসাম্যের ধারায় কিছুটা পরিবর্তন এনেছে। দেশটি বিদ্যুৎব্যবস্থার মহাপরিকল্পনা বা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে কয়লানির্ভর তাপবিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে। এর লক্ষ্য হচ্ছে ২০১৪ সালের শেষ নাগাদ চার হাজার মেগাওয়াট কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রাক্ট করা। লন্ডনের বিকল্প শেয়ারবাজার
এইমসের বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য দেশটির
অভ্যন্তরীণ কয়লাসম্পদের ব্যবহার অপরিহার্য। এতে বলা হয়, ফুলবাড়ী কয়লাখনির কয়লা এখনো অনুত্তোলিত। আর এটিই দ্রুততম সময়ে কাজে লাগানোর মতো সম্পদ।
মাইকেল ট্যাং বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ আবারও সরকার পরিচালনার সুযোগ পেয়েছে। ফলে তাঁরা প্রকল্পের বিষয়ে সরকারের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করতে পারবেন বলে আশা করছেন।
তবে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সংস্থা ওইসিডিতে কোম্পানিটির বিরুদ্ধে প্রকল্প এলাকার অধিবাসীদের মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশের
ক্ষতিসাধনের বিষয়ে যেসব অভিযোগের তদন্ত চলছে, সে বিষয়ে কোম্পানির বিবৃতিতে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, ভূতপূর্ব এশিয়া এনার্জি নাম পরিবর্তন করে কয়েক বছর ধরে জিসিএম রিসোর্সেস নামে কাজ করছে।