কয়লাবোঝাই জাহাজ উদ্ধারের কাজ শুরু হয়নি
মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজটি উদ্ধারে গতকাল শনিবার পর্যন্ত কোনো তৎপরতা শুরু হয়নি। এ ঘটনায় জাহাজটির মাস্টার সোহেল রানা গতকাল মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, জাহাজ উদ্ধারে খুব দ্রুতই চেষ্টা চালানো হবে।
মোংলা বন্দর চ্যানেলে ঢোকার মুখে ফেয়ারওয়ে বয়া এলাকায় থাকা বিদেশি জাহাজ এমভি লেডিমেরি থেকে প্রায় এক হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত শুক্রবার এমভি আইচগাতি যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল। পথে ১২ নম্বর বয়া-সংলগ্ন এলাকায় সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে ২০ কিলোমিটার দূরে জাহাজটি ডুবে যায়। কয়লার মালিক যশোরের মেসার্স নওয়াপাড়া ট্রেডার্স। ইন্দোনেশিয়া থেকে মোট চার হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল।
ডুবে যাওয়া জাহাজের মাস্টার সোহেল রানা বলেন, ভাটার সময় জাহাজটির ওপরের কিছু অংশ দেখা যাচ্ছে। মালিকের নির্দেশে শনিবার থানায় জিডি করা হয়েছে।
মোংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় তাঁদের ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
লাইটার জাহাজটির মালিক মো. ফারুক কাজী বলেন, জাহাজটি তুলতে যে ধরনের ডুবুরি দল ও যন্ত্রপাতি প্রয়োজন, তা মোংলা ও খুলনায় নেই। চট্টগ্রামের উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই উদ্ধারকাজ শুরু করা যাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ বলেন, দ্রুত জাহাজ উদ্ধারের জন্য জাহাজের মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, দুবলার চর অফিসের কর্মকর্তাদের জোয়ার-ভাটার পানি পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পানিতে ক্ষতিকর কিছু পেলে তাঁরা জানাবেন। তবে এখনো পর্যন্ত সে রকম কিছু পাওয়া যায়নি।