কয়লাভিত্তিক দুই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি অধিগ্রহণের জটিলতা এবং ইউনিট-প্রতি দাম নির্ধারণে দীর্ঘসূত্রতার কারণে চট্টগ্রামে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছিল চার হাজার মেগাওয়াট। এর মধ্যে সরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে দুই হাজার ৬০০ এবং বেসরকারি প্রকল্প থেকে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা।বর্তমানে বিদ্যুৎ ঘাটতির কারণে চট্টগ্রামে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। কর্ণফুলীর দক্ষিণ পাড়ে আনোয়ারার সমুদ্র উপকূলে সরকারি মালিকানায় বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার জন্য তিন বছর আগেই উদ্যোগ নেওয়া হয়। এ জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জেলা প্রশাসককে ৫৯৬ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেয়। কিন্তু জেলা প্রশাসক কার্যালয় তিন বছরে ব্যক্তিমালিকানাধীন কোনো ভূমিই অধিগ্রহণ করতে পারেনি। তবে গত ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ২৪৭ একর জমি পিডিবির কাছে হস্তান্তর করে। এসব খাসজমি দুই দশক ধরে স্থানীয় লোকজনকে চিংড়ি চাষের জন্য ইজারা দেওয়া হয়েছিল। সে ইজারা বাতিল করে ওই জমি পিডিবিকে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এখানে মৎস্য চাষ বন্ধ রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরো জমি পিডিবিকে হস্তান্তর করতে পারিনি। কারণ, এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা ছিল। তবে পিডিবি যোগাযোগ করলে আমরা পুনরায় অবশিষ্ট জমি অধিগ্রহণের উদ্যোগ নেব।’কয়লাভিত্তিক প্রকল্পের পরিচালক ও পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস এ প্রসঙ্গে বলেন, ‘এ বিদ্যুৎ প্রকল্প অবশ্যই হবে। আর আশা করছি, আমরা জমিও পেয়ে যাব।’একই এলাকায় বেসরকারি পর্যায়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের উদ্যোগ নিয়েছে এস আলম গ্রুপ। এ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের ইউনিট-প্রতি দাম কত হবে তা নির্ধারণ করতে পারেনি সরকার। সরকারের প্রস্তাবিত প্রকল্প এলাকার পাশে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এস আলম গ্রুপ জায়গাও কিনেছে। এক বছর আগে সরকার চট্টগ্রাম ও খুলনায় বেসরকারি পর্যায়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য দরপত্র আহ্বান করলে এস আলম গ্রুপ তাতে অংশ নেয়। সর্বনিম্ন দরদাতার তালিকায় তাদের অবস্থান ছিল দ্বিতীয়।জানা যায়, সর্বনিম্ন দরদাতা ওরিয়ন গ্রুপ প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম দিয়েছিল চার টাকা নয় পয়সা। আর এস আলম দিয়েছিল পাঁচ টাকা ৯৬ পয়সা। সর্বনিম্ন দরদাতা হলেও ওরিয়ন গ্রুপ পরবর্তী সময়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এলে সরকার এস আলমকেই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়। এ ক্ষেত্রে সরকার তাদের ওরিয়ন গ্রুপের দেওয়া প্রস্তাব অনুযায়ীই প্রতি ইউনিটের দাম পরিশোধ করতে চায়। কিন্তু এস আলম তাতে সম্মত হয়নি। এ অবস্থায় আগামী ২২ এপ্রিল এ বিদ্যুৎকেন্দ্রের জন্য আবার দরপত্র আহ্বান করেছে সরকার।এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমান বিশ্বে কয়লার যে বাজারমূল্য তাতে সরকারের প্রস্তাবিত মূল্যে কয়লা কেনাও সম্ভব নয়। তা ছাড়া এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ দশমিক শূন্য ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। ওই টাকার ব্যাংক ঋণ থেকে শুরু করে সম্ভাব্য সব ব্যয় হিসাব করে আমরা সরকারের কাছে এ দাবি জানিয়েছিলাম।’জানা যায়, চট্টগ্রামের সমুদ্র উপকূলে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠার জন্য এস আলম গ্রুপ ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ল্যানকন পাওয়ারের সঙ্গে চুক্তি করেছে। সরকারের অনুমতি পাওয়া গেলে এ প্রকল্পের পুরো বিনিয়োগ আসবে বাইরে থেকে। ল্যানকন পাওয়ার ভারতে কয়লাভিত্তিক বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে আরও পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় রয়েছে। আবদুস সামাদ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও অন্যান্য শিল্পকারখানা স্থাপনের জন্য ইতিমধ্যে আনোয়ারা সমুদ্র উপকূলে এক হাজার একর জমি কেনা হয়েছে।