আগ্রহী কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেবে সরকার
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সর্বোচ্চ অগ্রাধিকার
বিগত মহাজোট সরকারের মতো বর্তমান সরকারও বিদ্যুৎ খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেবে। বিদ্যুৎ উৎপাদনে এবার সর্বোচ্চ অগ্রাধিকার পাবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সরকারি ও বেসরকারি খাতে এবং অন্য দেশের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে অগ্রাধিকারের ভিত্তিতে।
সরকারি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার দেশি-বিদেশি আগ্রহী কোম্পানিগুলোকে বিশেষ সুবিধা দেবে। এর অংশ হিসেবে ২০২০ সালের ৩০ জুনের মধ্যে যেসব কোম্পানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হবে, তাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর ১৫ বছর কর দিতে হবে না।
এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনকারী কোম্পানিতে কর্মরত বিদেশিরাও এ দেশে কাজ শুরু করার পরবর্তী তিন বছর আয়কর রেয়াত পাবেন। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য গৃহীত বৈদেশিক ঋণের সুদের ওপরও কোম্পানিগুলো কর রেয়াত পাবে। এসব কোম্পানির শেয়ার হস্তান্তরের ফলে উদ্ভূত মূলধনি মুনাফাও হবে করমুক্ত। এ ছাড়া কোম্পানিগুলো যে রয়্যালটি, কারিগরি জ্ঞান আহরণ ও কারিগরি সহায়তা ফি দেবে তার ওপরও কোনো কর দিতে হবে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রায় ১৫ হাজার মেগাওয়াট ক্ষমতার ২০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এর সবই আমদানি করা কয়লা দিয়ে চালানো হবে। এগুলোর মধ্যে সরকারি খাতে ছয়টি, বেসরকারি খাতে নয়টি, অন্য দেশের সরকারের সঙ্গে যৌথভাবে (জি টু জি) চারটি এবং বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নের দিক থেকে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যৌথ উদ্যোগের রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ।
বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কয়লা ছাড়া অন্যান্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনেও সরকার প্রণোদনা দেবে। কয়লা ছাড়া অন্যান্য জ্বালানিভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে উৎপাদন শুরু করবে, তারা বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ১৫ বছর আয়কর রেয়াত পাবে। একই সঙ্গে উপরিউক্ত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আরও যেসব সুবিধা পাবে সেগুলো তাদেরও দেওয়া হবে।
এ ছাড়া যেসব বিদ্যুৎকেন্দ্রের কাজ ২০১৫ সালের ১ জানুয়ারি বা তারপর শুরু হবে সেগুলোকে মোট ১০ বছর বিভিন্ন হারে আয়কর রেয়াত দেওয়া হবে। যেমন: বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী পাঁচ বছর শতভাগ, এর পরবর্তী তিন বছর শতকরা ৫০ ভাগ এবং তার পরবর্তী দুই বছর শতকরা ২৫ ভাগ কর রেয়াত পাবে এসব কেন্দ্র।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য এখনই প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তেলভিত্তিক কেন্দ্র আরও করা হলে বিদ্যুতের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব নয়। কাজেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।