কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে অপপ্রচার চলছে : তৌফিক
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক–ই-ইলাহী চৌধুরী বলেছেন, সরকার পরিবেশ ও জনস্বার্থ সংরক্ষণ করেই সব কটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে অব্যাহতভাবে অপপ্রচার চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা প্রয়োজন। এ জন্য সবার সহযোগিতা চান তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ–সচিব মনোয়ার ইসলাম এবং বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, কয়লাভিত্তিক প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের অধীনে যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তাঁরা আধুনিক জীবন যাপন করতে পারেন। এ ছাড়া এসব প্রকল্প থেকে স্থানীয় জনগণের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম থেকে তিন পয়সা রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে ১ হাজার ৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বছরে ৩২ কোটি টাকা পাওয়া যাবে। এই টাকা স্থানীয় অধিবাসীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ব্যয় করা হবে। তাই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থানীয় জনগণের বিকল্প আয়ের ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
উপদেষ্টা ও বিদ্যুৎ–সচিব অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।