কয়েক কোটি টাকার সম্পদ পড়ে আছে অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এক বছর আগে বন্ধ হয়ে গেছে বরিশাল আঞ্চলিক হাঁস প্রজনন খামার। রক্ষণাবেক্ষণের অভাবে কয়েক কোটি টাকার সম্পদ ও স্থাপনা অবহেলায় পড়ে আছে। বন্ধ রয়েছে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর ১৩ মাসের বেতনভাতা। পরিবার নিয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে হাঁসের প্রজনন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের শতাধিক হাঁসের খামারও হুমকির মুখে পড়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের আমলে নগরের গরিয়ার পাড় এলাকায় চার একর জমির ওপর গড়ে ওঠে ‘আঞ্চলিক হাঁস প্রজনন খামার’। বাচ্চা ফোটানো থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সব ব্যবস্থাই ছিল এখানে। খামারে রয়েছে বাচ্চা ফোটানোর তিনটি ইনকিউবেটর, তিনটি হ্যাচারি। যার মাধ্যমে প্রতি মাসে গড়ে ২৪ হাজার বাচ্চা উৎপন্ন হতো। রয়েছে একটি দোতলা ব্রুডার শেড, দুটি গ্রোয়ার শেড, ছয়টি লেয়ার শেড, দোতলা প্রশাসনিক ভবন, কর্মচারীদের জন্য আবাসন, জেনারেটর, গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি। এসবই এখন অবহেলায় পড়ে আছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় অবস্থার কারণ জানতে চাইলে খামারের প্রহরী আবু সাঈদ বলেন, ‘অফিসার নাই, কাজকর্ম না থাকলে যা হয় আর কি।’ অন্য কর্মচারীরা কোথায় জানতে চাইলে নিরাপত্তারক্ষী শাহাদাৎ হোসেন বলেন, ‘বাঁচতে তো হবে, তাই বাইরে কাজে গেছে। বেতনভাতাও নেই, খামারও চালু নেই।’ শাহাদাৎ হোসেন অভিযোগের সুরে বলেন, ‘বিএনপির সরকারের সময় এই খামার চালু হওয়ায় বর্তমান সরকারের কোনো আগ্রহ নেই। তাই এত বড় একটি প্রতিষ্ঠান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাত্র ১২ টাকায় এখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করে বরিশাল অঞ্চলে অনেক হাঁসের খামার গড়ে উঠেছিল। এখন বাচ্চা সরবরাহ বন্ধ থাকায় ওই খামারিরা ৩৫ টাকায় খুলনা থেকে বাচ্চা এনে খামার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই অনেকে তাঁদের খামার বন্ধ করে দিয়েছেন।’গত বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পটি রাজস্ব খাতে নেওয়ার জন্য সুপারিশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। হাঁস প্রজনন খামারের কার্যক্রম বন্ধ থাকায় কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা ফোটানোর তিনটি ইনকিউবেটর, জেনারেটর, গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি। হাঁসের খাবারের টাকা বরাদ্দ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে খামারে কর্মরত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাও। বরিশাল দুগ্ধ খামারের সহকারী পরিচালক ও হাঁস প্রজনন খামারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমরেশ কুমার প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো কোনো চিঠিপত্র পাইনি। তবে বেতনভাতা বন্ধ থাকায় এখানকার সহকারী পরিচালক চাকরি ছেড়ে চলে যাওয়ায় আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শুনেছি এ খামারটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।’